২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়াকে শান্তি প্রস্তাব, মিয়ানমারকে তিরস্কার করলেন বুশ

পরমাণু কর্মসূচি পুরোপুরি বাদ দিলে উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তির কথা বিবেচনা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এপেক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রহ মু - হিউন এর সঙ্গে বৈঠকের পর শুক্রবার তিনি এ প্রস্তাব দেন। একইদিনে, এপেক সম্মেলনের ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে তিরস্কার করে অবিলম্বে আন্দোলনকারীদের মুক্তি এবং গণতন্ত্রপন্থীদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান বুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

সিডনি, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু কর্মসূচি পুরোপুরি বাদ দিলে উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তির কথা বিবেচনা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এপেক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রহ মু - হিউন এর সঙ্গে বৈঠকের পর শুক্রবার তিনি এ প্রস্তাব দেন। একইদিনে, এপেক সম্মেলনের ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে তিরস্কার করে অবিলম্বে আন্দোলনকারীদের মুক্তি এবং গণতন্ত্রপন্থীদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান বুশ। সিডনিতে প্রেসিডেন্ট বুশ বলেন,"আমরা সেই দিনের দিকে তাকিয়ে আছি যেদিন কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটবে। আর তা ওইদিনই ঘটবে যেদিন কিম জং ইল তার অস্ত্র কর্মসূচি বন্ধ করবেন।" বুশের এমন মন্তব্যের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তাকে বিষয়টি স্পষ্ট করার অনুরোধ জানালে প্রেসিডেন্ট বুশ বলেন, তার মনে হয় যতোটা সম্ভব স্পষ্ট করেই বলেছেন তিনি। অবশ্য এরপর আরও সরাসরি তিনি বলেন যে দুই কোরিয়ার মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তির কথা বলতে চাচ্ছেন তিনি। ১৯৫০ - ৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধ একটি অস্ত্র বিরতির মধ্য দিয়ে শেষ হলেও এখনও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। প্রেসিডেন্ট বুশ বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে বিভিন্ন প্রচেষ্টার অগ্রগতিতে 'আশাবাদী' তিনি। তবে এখনও অনেক কাজ বাকী রয়ে গেছে বলেও মনে করিয়ে দেন বুশ। উত্তর কোরিয়ার বিষয়ে ইতিবাচক মত পোষণ করলেও নিজেদের আরও উন্মুক্ত করার জন্য রাশিয়া ও চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বুশ। ব্যবসায়ীদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় বুশ বলেন, ২০০৮ সালে অলিম্পিক গেমসের সময় গোটা বিশ্বের চোখ থাকবে চীনের দিকে। আর এ সুযোগে নিজেদের আরও উন্মুক্ত করে আরও আত্মবিশ্বাস দেখানো উচিৎ চীনের। বুশ বলেন,"এ সুযোগে আরও বেশি উন্মুক্ততা এবং সহনশীলতার নমুনা দেখিয়ে নিজেদের আত্মবিশ্বাস আর দেখানোর জন্য চীনা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি আমারা।" অলিম্পিক গেমসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে চীনা প্রেসিডেন্ট হু জিন তাওয়ের চিঠি পাওয়ার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট একথা বললেন। অন্যদিকে, মিয়ানমারে গণতন্ত্রপন্থী রাজনৈতিক কর্মীদের ওপর সামরিক জান্তার নিপীড়ন বন্ধ করা এবং অবিলম্বে আটক বিরোধী রাজনৈতিক কর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান বুশ। মিয়ানমারে বৃহস্পতিবার সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে যোগ দেয় বৌদ্ধ ভিক্ষুরা। তারা একদল সরকারি কর্মকর্তাকে কয়েকঘন্টা আটকে রাখে এবং তাদের গাড়ি ভাংচুর করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০৫ ঘ.