ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অং সান সু কি'র মুক্তি লাভে ভূমিকা রাখার জন্য বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন তারকা অভিনেতা জিম ক্যারি, ডাস্টিন হফম্যান ও রবিন উইলিয়ামসসহ বিশ্বের ২৫ জনেরও বেশি সেলিব্রিটি।
শান্তিতে নোবেল বিজয়ী সু কি'র মুক্তি লাভে ব্যক্তিগতভাবে উদ্যোগী হওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে আহ্বান জানিয়ে লেখা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন তারা।
চিঠিতে বলা হয়েছে, "অং সান সু কি শুধু একজন কারিশমাটিক নেত্রীই নন, বার্মার জনগণের নির্বাচিত নেতাও তিনি। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অভিনেতা ওয়েন উইলসন, সুসান সারান্ডন ও জেনিফার এনিস্টনসহ আইরিশ সঙ্গীতশিল্পী ডেমিয়েন রাইসও রয়েছেন। উল্লেখ্য, ডেমিয়েন রাইস সু কি'র একজন দীর্ঘ দিনকার সমর্থক।
চিঠিতে আরও বলা হয়েছে, "এই সাহসী নারীকে মুক্তি দেওয়া উচিত। যাকে অনেকেই 'বার্মার নেলসন ম্যান্ডেলা' বলে থাকেন। আর সামরিক সরকারের উচিত বেসামরিক লোকদের ওপর তাদের হামলা বন্ধ করা।"
সেনাশাসিত মিয়ানমারে ১৭ বছর ধরে বেশিরভাগ সময়ই কারাগারে বা গৃহবন্দি হয়ে দিন কাটছে সু কি'র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫৩ঘ.
bdnews24