২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে পাকিস্তান সুপ্রিম কোর্টের নতুন চ্যালেঞ্জ

প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ কবে ক্ষমতা ছাড়বেন জানতে চেয়ে তার প্রতি নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। মুশাররফের শাসনের বৈধতা নিয়ে এক রিট আবেদনের শুনানিতে আদালত বুধবার তাকে ক্ষমতা ছাড়ার দিন ঘোষণার নির্দেশ দেয়। প্রেসিডেন্ট মুশাররফের শাসনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত-ই-ইসলামির নেতা কাজী হুসেন আহমেদ এই রিটটি করেন। তিনি রিটে ২০০৪ সালের সংসদীয় আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বলেন, এই আইনের আওতায় সেনা প্রধান থাকা অবস্থায় মুশাররফের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া অবৈধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ কবে ক্ষমতা ছাড়বেন জানতে চেয়ে তার প্রতি নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। মুশাররফের শাসনের বৈধতা নিয়ে এক রিট আবেদনের শুনানিতে আদালত বুধবার তাকে ক্ষমতা ছাড়ার দিন ঘোষণার নির্দেশ দেয়। প্রেসিডেন্ট মুশাররফের শাসনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত-ই-ইসলামির নেতা কাজী হুসেন আহমেদ এই রিটটি করেন। তিনি রিটে ২০০৪ সালের সংসদীয় আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বলেন, এই আইনের আওতায় সেনা প্রধান থাকা অবস্থায় মুশাররফের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া অবৈধ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে বুধবার শুনানি শরু হয়েছে। গত মার্চে ইফতিখার চৌধুরীকে প্রেসিডেন্ট মুশাররাফ প্রধান বিচারপতির পদ থেকে বরখাস্ত করেন। এরপর কয়েক মাস দেশজুড়ে উত্তাল বিক্ষোভ-সংগ্রামের পর তিনি আবার প্রধান বিচার পতির পদ ফিরে পান। বিচারপতি ইফতিখার চৌধুরী বুধবার বলেন, "সরকারকে অবশ্যই জানাতে হবে কবে মুশাররফের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে।" তিনি বলেন, "মুশাররফের আইনি উপদেষ্টা সময় চাওয়ায় শুনানি আজকের (বুধবার) মতো মুলতবি করা হয়েছে। তিনি এ ব্যাপারে তার মক্কেলের সঙ্গে কথা বলে জানাবেন।" আবেদনকারীর পক্ষের আইনজীবী আকরাম শেখ আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট মুশাররফের ক্ষমতার মেয়াদ কবে শেষ হবে আদালতের এই রায়ের ফলে সেটি নিশ্চিত হওয়া যাবে।" প্রেসিডেন্ট মুশাররফের ক্ষমতার বৈধতা এবং একই সঙ্গে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে বিতর্ক আছে। সরকার বলছে, প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব শেষ হবে এ বছরের ৩১ ডিসেম্বর। তবে প্রেসিডেন্ট থাকতে হলে তাকে অবশ্যই এর ৯০ দিন আগে পুনরায় নির্বাচিত হতে হবে। অন্যদিকে, তার বিরোধীরা দাবি করেন, ২০০০ সালে মুশাররফ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেন। পরে গণভোটের মাধ্যমে তিনি তার ক্ষমতা গ্রহণ যায়েজ করেন। এর অর্থ এই প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদ তিনি অনেক আগেই শেষ করে ফেলেছেন। এখন তাকে ক্ষমতা ছাড়তে হবে। মুশাররফের শাসনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ায় আরেক মেয়াদে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে পাকিস্তানের জাতীয় ও আঞ্চলিক পরিষদের নির্বাচন হবে। এর পর চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল মুশাররফ আশা করছেন তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু গত মার্চে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করার পর থেকে মুশাররফের জনপ্রিয়তা কমতে থাকে। যদিও কয়েক মাসের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ইফতিখার চৌধুরী আবার নিজের পদ ফিরে পান। কিন্তু এই সময়ে মুশারফের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে দেশ। একই সঙ্গে তার যৎসামান্য জনপ্রিয়তায় আরো ফাটল ধরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৩ঘ.