লন্ডন, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছেন, ক্ষমতা ভাগাভাগি নিয়ে মুশাররফের সঙ্গে তার সমঝোতা এখনো হয়নি। তবে তিনি 'খুব শিগগিরই' দেশে ফিরবেন।
শনিবার লন্ডনে একটি সংবাদ সম্মেলনে বেনজির বলেন, "এখনো কোন বোঝাপড়ায় পৌঁছানো যায়নি।"
সমঝোতার বিনিময়ে বেনজির সেনা প্রধানের পদ ছাড়তে মুশাররফকে শর্ত দেন। উর্দি ছাড়লেই তবে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন। অন্যদিকে বেনজির হবেন প্রধানমন্ত্রী। কিন্তু তাদের এ সমঝোতা চুক্তি ঝুলে গেছে।
এর পরিপ্রেক্ষিতে ক্ষমতা সংহত করার আর কোন বিকল্প আছে কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছেন মুশাররফ। কারণ এ বছরই সেনা প্রধানের মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবরের মধ্যে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান।
লন্ডনে বেনজির বলেন, "আমি খুব শিগগিরই পাকিস্তানে ফিরে যাচ্ছি।" তিনি জানান, তার ফেরার দিনক্ষণ পাকিস্তান থেকে ঘোষণা করা হবে।
এর আগে আরেক নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গ্রেফতারের ঝুঁকি সত্ত্বেও ১০ সেপ্টেম্বর পাকিস্তান ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে মুশাররফের ক্ষমতা চ্যালেঞ্জ করারও ঘোষণা দেন।
এ অবস্থায় পরমাণু শক্তিধর পাকিস্তানে ফের রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কেননা মুশাররফ তার সামনের দিনগুলোর করণীয় নিয়ে ইতিমধ্যে উঠেপড়ে লেগেছেন।
তবে বেনজিরের সঙ্গে সমঝোতা প্রচেষ্টায় এখন বেঁকে বসেছে খোদ মুশাররফের পাকিস্তান মুসলিম লীগ-কিউ (পিএমএল-কিউ)। দলের প্রধান চৌধুরী সুজাত হোসেন ক্ষমতা ভাগাভাগি চুক্তির কয়েটি বিষয় নিয়ে তার আপত্তির কথা প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন। এ অবস্থায় মুশাররফকে অন্য বিকল্পের কথা ভাবতে হচ্ছে।
ঠিক একই সময় লন্ডনে বেনজির তার পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) নেতাদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
এ প্রেক্ষাপটে সমঝোত চুক্তি নিয়ে সন্দেহ বাড়ায় মুশাররফ রক্ষণশীল ধর্মীয় দলগুলোর সমর্থন নিশ্চিত করার চেষ্টা করছেন বলে সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য এবং সংবাদপত্রের খবরে জানা গেছে।
ভুট্টোর পিপিপিকে উদ্দেশ্য করে মুশাররফ সরকারের উপ তথ্যমন্ত্রী তারিক আজিম খান বলেন, "অন্য কোন বিকল্পের বিষয় যদি না ভাবে তাহলে এ সরকারকে বোকা বলতে হবে। তারাই একমাত্র বিকল্প নয়।"
তিনি সরকার সমর্থকদের নতুন ব্লকের ইঙ্গিত দিয়ে বলেন, "অবশ্য আরো কোন ব্যবস্থা ও বিন্যাস আছে।"
ছয় ধর্মীয় পার্টি নিয়ে গঠিত জোটের নেতা ফজলুর রহমানের সমর্থন পাওয়ার চেষ্টার ব্যাপারে আজিম বলেন, "তিনি তাদের একজন। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24