২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ইরাক পরিকল্পনা ভন্ডুল হয়ে গেছে : সাবেক ব্রিটিশ সেনাপ্রধান

ইরাকে মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন ইরাক হামলাকালীন ব্রিটিশ সেনাপ্রধান এবং বর্তমানে অবসরপ্রাপ্ত জেনারেল স্যার মাইক জ্যাকসন। তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর যে সমস্ত পরিকল্পনা করেছিল তার সবই ভন্ডুল হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 02:01 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

লন্ডন, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন ইরাক হামলাকালীন ব্রিটিশ সেনাপ্রধান এবং বর্তমানে অবসরপ্রাপ্ত জেনারেল স্যার মাইক জ্যাকসন। তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর যে সমস্ত পরিকল্পনা করেছিল তার সবই ভন্ডুল হয়ে গেছে। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ শনিবার এ কথা জানিয়েছে। সাবেক এই জেনারেল পত্রিকাটিতে ধারাবাহিকভাবে তার জীবনী লিখছেন। মাইক জ্যাকসন লিখেছেন, "সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের সব পরিকল্পনাই ছিলো 'মেধাগতভাবে অসার'। এছাড়া 'মার্কিন বাহিনী জাতি গঠনের কাজ করে না'- রামসফেল্ডের এই মন্তব্যকে তিনি 'অর্থহীন' বলে অভিহিত করেছেন। ডেইলি টেলিগ্রাফ লিখেছে, জ্যাকসনের এই মন্তব্য স্পস্ট করে দিয়েছে ইরাক নিয়ে আটলান্টিক পারের দুই দেশের মধ্যে মতভিন্নতা দিন দিন প্রকট হয়ে উঠছে। এছাড়া ২০০৩ সালে ইরাক যুদ্ধ চলাকালীন ব্রিটিশ কমান্ড ও পেন্টাগনের মধ্যে যে ভাল সমঝোতা ছিল না তখনকার ব্রিটিশ সেনা প্রধান সেটা ফাঁস করে দিয়েছেন। জ্যাকসন লিখেছেন, "আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিনীদের সমস্ত পদক্ষেপই ছিল অপর্যাপ্ত। কেননা তারা শুধু সামরিক শক্তির ওপর ভর করেই এগিয়েছে।" তিনি আরো লিখেছেন, "সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকি বাহিনী ভেঙে দেওয়ার মার্কিন সিদ্ধান্ত ছিল সদুরপ্রসারী দৃষ্টিভঙ্গির অভাব। আমরা ইরাকি নিরাপত্তা বাহিনী রেখে দিয়ে তাদের যৌথ বাহিনীর অধীনে পরিচালনা করতে পারতাম।" জ্যাকসন দাবি করেছেন, আগ্রাসনকে ন্যায়সঙ্গত করতে ইরাকের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্র আছে বলে ব্রিটিশ সরকার যে দলিল উপস্থাপন করেছিল তার গ্রহণযোগ্যতা নিয়ে তার নিজের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্দেহ ছিল। তিনি বলেন, "আমরা সবাই জানতাম ব্রিটেনে আঘাত হানার মতো স্বক্ষমতা ইরাকের নেই।" মাইক জ্যাকসন ইরাক যুদ্ধের সমালোচনাকারী একমাত্র ঊর্ধ্বতন ব্রিটিশ সেনা কর্মকর্তা নন। ২০০৬ সালের অক্টোবরে জেনারেল স্যার রিচার্ড ড্যানট বলেছিলেন, ব্রিটিশ সৈনের উপস্থিতি ইরাকে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি ঘটাবে। যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে আনা উচিত। গত জুনে গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে টনি ব্লেয়ারের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে দক্ষিণ ইরাকে ব্রিটিশ বাহিনীর ভূমিকা নিয়ে মার্কিন মিডিয়ায় সমালোচনা জোরদার হচ্ছে। একই সঙ্গে ব্রাউন ইরাক থেকে ব্রিটিশ বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া দ্রুততর করতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএসবি/১৯৫১ ঘ.