গাজা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফিলিস্তিন ভূ-খন্ড গাজায় শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের হাজার হাজার সমর্থক ক্ষমতাসীন হামাসের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এ সময় ফাতাহ সমর্থকরা ফাঁকা গুলি ছোঁড়ে। বিক্ষোভকারীরা হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রালয় ভবন এবং একটি থানায় পাথর নিক্ষেপ করে।
বিক্ষোভকালে সংঘর্ষে দুই সাংবাদিকসহ ৮ ব্যক্তি আহত হয়েছেন। হামাসের নিরাপত্তাকর্মীরা বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার জুমার নামাযে ফাতাহ সমর্থকরা সংগঠিত হয় এবং গাজার প্রধান শহরগুলোতে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা হামাসের বিরুদ্ধে নাগরিক স্বাধীনতা খর্বের অভিযোগ এনে তার প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ হামাস রাজনৈতিক প্রচারণার জন্য মসজিদগুলোকে ব্যবহার করছে।
বিক্ষোভ এক পর্যায়ে রাস্তায় রাস্তায় পদযাত্রায় রূপ নেয়। এ সময় হামাসের নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের লাঠিপেটা এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করে।
চিকিৎসকরা জানান, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ফাতাহ সমর্থকরা হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে পাথর নিক্ষেপ করে। এ সময় কথিত গ্রেনেড বিস্ফোরণে ৬ ফিলিস্তিন যুবক আহত হয়।
গাজা সিটিতে বিক্ষোভকারীরা একটি থানা লক্ষ্য করে পাথর ছোঁড়ে এ সময় বিদেশি টেলিভিশনের দুজন সাংবাদিক সামান্য আহত হন।
তবে কারা ছোটখাটো ওই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সেটা পরিস্কার নয়।
হামাসের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র গ্রেফতারের বিষয়টি নিািশ্চত করেছেন। গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, জুমার নামাজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তিনি ইবাদতের পবিত্রতা কলুষিত করার দায়ে বিক্ষোভকারীদের অভিযুক্ত করেন।
জুনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হানিয়া সরকারকে বরখাস্ত করেন। এর জের ধরে হামাস গাজা দখল করে নেয়।
পশ্চিমতীরে ফাতাহ মুখপাত্র ফাহমি আল-জাহরির জানান, গাজায় হামাসের নিয়ন্ত্রণ অবসান পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি হামাসকে অগণতান্ত্রিক বলেও অভিযুক্ত করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24