২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কসোভো আলোচনা ব্যর্থ হলে ইইউকে ঐক্যবদ্ধ হতে হবে'

সার্বিয়া এবং আলবেনিয়ার মধ্যে সমঝোতার ভিত্তিতে কসোভোর স্বাধীনতার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের দূত উলফগ্যাং ইসচিঞ্জার শুক্রবার বলেছেন, " কসোভো আলোচনা ব্যর্থ হলে তা কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে ইইউ-এর সদস্যদেশগুলোর দ্বিধাবিভক্ত না হয়ে বরং ঐক্যবদ্ধ হতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ভিয়েনা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সার্বিয়া এবং আলবেনিয়ার মধ্যে সমঝোতার ভিত্তিতে কসোভোর স্বাধীনতার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের দূত উলফগ্যাং ইসচিঞ্জার শুক্রবার বলেছেন, " কসোভো আলোচনা ব্যর্থ হলে তা কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে ইইউ-এর সদস্যদেশগুলোর দ্বিধাবিভক্ত না হয়ে বরং ঐক্যবদ্ধ হতে হবে।" কসোভো নিয়ে ভিয়েনায় নতুন দফা আলোচনা শুরুর পর একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে প্রবীণ কূটনীতিক উলফগ্যাং বলেন, " আমরা ইসুটি নিয়ে বিভক্ত হয়ে পড়লে বিপর্যয় দেখা দেবে।" তিনি বলেন, "সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতার বিষয়টি একপাক্ষিকভাবে সমাধা হওয়ার চাইতে সমঝোতার মধ্য দিয়ে সমাধা হওয়া হাজারগুণে ভাল। কিন্তু বাস্তবে সমঝোতার মধ্য দিয়ে এ সঙ্কটের সুরাহা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।" উলফগ্যাংসহ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যস্থতাকারীদের জন্য কসোভো সঙ্কট নিরসনে সমঝোতায় পৌঁছানোর সময় আছে ১০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সার্বিয়া কসোভোর স্বাধীনতার বিরোধিতা করছে। সার্বিয়াকে সমর্থন দিচ্ছে মিত্র দেশ রাশিয়া। রাশিয়া চায় সার্বিয়া এবং কসোভোর আলবেনীয়দের মধ্যে আলোচনার মধ্য দিয়েই বিষয়টি নিষ্পত্তি হোক। আলবেনীয় এবং বেলগ্রেডের সমঝোতার ভিত্তিতেই কসোভোর স্বাধীনতায় রাজি রাশিয়া। সার্বিয়া নির্ভর করে আছে রাশিয়ার কূটনৈতিক সমর্থনের ওপর। আর কসোভো তাদের স্বাধীনতার জন্য নির্ভর করে আছে যুক্তরাষ্ট্রের ওপর। কিন্তু উলফগ্যাং বলছেন, দুপক্ষই জানে যে, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ ওয়াশিংটন কিংবা মস্কোর চেয়ে ইইউ-এর ওপরই বেশি নির্ভর করবে। আলোচনায় সফলতা না এলে কসোভোর একতরফা স্বাধীনতা ঘোষণার সম্ভাবনা জোরালো এবং কিভাবে এই সমস্যা সামাল দেওয়া যাবে তা নিয়ে ইইউ সদস্য দেশগুলো যে মারাত্মক উদ্বেগ এবং কঠিন অবস্থার মধ্যে আছে তা উলফগ্যাং স্বীকার করেছেন। তারপরও তিনি বলেন, তারা সবাই জানেন যে, কসোভোর ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নাহলে ইইউ এর বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫২ঘ.