২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল বিমানবন্দরের কাছে গাড়িবোমা হামলা, ১ সেনা নিহত

কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে ন্যাটো ও আফগান সেনাদের নিরাপত্তা টহল লক্ষ্য করে চালানো এক গাড়িবোমা হামলায় শুক্রবার সকালে কমপক্ষে ১ আফগান সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 07:49 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

কাবুল, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে ন্যাটো ও আফগান সেনাদের নিরাপত্তা টহল লক্ষ্য করে চালানো এক গাড়িবোমা হামলায় শুক্রবার সকালে কমপক্ষে ১ আফগান সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ওই হামলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের কেউ হতাহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এবং প্রতক্ষ্যদর্শীরা একথা জানান। কাবুলের পুলিশ কর্মকর্তা আলি শাহ পাক্তিওয়াল জানান,"বিস্ফোরকভর্তি একটি গাড়িতে করে কাবুল বিমানবন্দরের 'আইএসএএফ' সেনাদের নিয়ন্ত্রনাধীন প্রবেশ পথে ঢুকে পড়ার চেষ্টা করে ওই আত্মঘাতী বোমারু"। পাক্তিওয়াল বলেন,"কমপক্ষে এক আফগান নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানি আমি। তবে আইএসএএফ এর কারও হতাহতর কথা জানি না আমি।" এদিকে ঘটনার প্রত্যক্ষ্যদর্শী এক আফগান সেনা জানান ন্যাটো সেনাদের একটি গাড়িতে গিয়ে আঘাত হানে ওই আত্মঘাতী হামলাকারীর গাড়ি এবং এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কাছেই দাঁড়ানো ১ আফগান সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এর মুখপাত্র বলেছেন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারছেন না তিনি। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। তালেবান বা অন্য কোনো গেষ্ঠীও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.