সিডনি, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা প্রধান ওসামানা বিন লাদেনকে যিশুর মত করে আঁকায় এবং বোরকা আবৃত কুমারী মাতা মেরির ভাস্কর্য নির্মাণ করায় অস্ট্রেলিয়ায় বিতর্ক ছড়িয়ে পড়েছে। মর্যাদাপূর্ণ একটি ধর্মীয় শিল্প প্রতিযোগিতায় এ দুটি বিতর্কিত শিল্পকর্ম স্থান পেয়েছে।
প্রিসিলা ব্র্যাকসের 'বেয়ার্ড অরিয়েন্টালস: ম্যাকিং দ্য অ্যাম্পায়ার ক্রুস' শিরোনামের ছবিতে একই সঙ্গে লাদেন ও যিশুকে চিত্রিত করা হয়েছে।
অন্যদিকে লুক সুলিভানের 'দ্য ফোর্থ সেক্রেট অফ ফাতিমা' শিরোনামের ভাস্কর্যটি মাতা মেরির। তালেবান আমলের আফগান নারীদের মত আগাগোড়া নীল বোরকায় ঢেকে ভাস্কর্যটি তৈরি করেছেন তিনি।
ধর্মীয় শিল্প প্রতিযোগিতার ৫০০টি শিল্পকর্মের মধ্যে ওই দুটি স্থান পেয়েছে। এছাড়া সিডনির ন্যাশনাল আর্ট স্কুলে আরেকটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বৃহস্পতিবার ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বলেন, "প্রতিযোগিতা বা প্রদর্শনীর জন্য এ দুটি শিল্পকর্ম বেছে নেওয়া অনেক অস্ট্রেলীয়র ধর্মীয় বিশ্বাসের প্রতি অহেতুক আঘাতের কারণ হয়েছে।"
বিরোধী লেবার দলের নেতা কেভিন রুডও ওই শিল্পকর্মের সমালোচনা করেছেন। তিনি বলেন, মানুষের শিল্প চর্চার স্বাধীনতা থাকতে পারে এটা আমি স্বীকার করি। তবে আমি দেখলাম এ চিত্রকর্মটি এর বাইরে, একেবারে চরম। আমি বুঝতে পারছি মানুষ কেন এ ধরণের বিষয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24