ভিয়েনা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং ইসলামিক সভ্যতা আরেকটি বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। জাাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ অস্ট্রিয়ার একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে একথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার ছাপা হয়। অস্ট্রিয়ার 'দিয়ে প্রেসে' দৈনিকে তিনি বলেন, "মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন এতটাই বিশৃঙ্খল যে গোটা বিশ্বেই তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।"
খলিলজাদ আরও বলেন, " মধ্যপ্রাচ্যে এখন জটিল রূপান্তর প্রক্রিয়া চলছে। সেখানে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ওই অঞ্চল সন্ত্রাসের উৎসস্থলে পরিণত হয়েছে। বিংশ শতাব্দীর প্রথমভাগে ইউরোপের অকার্যকারিতা থেকে যেমন বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ঠিক তেমনি এখন একই সমস্যা দেখা দিচ্ছে মধ্যপ্রাচ্যে।"
বৈদেশিক নীতি বিষয়ক এক সেমিনারে অংশ নিতে অস্ট্রিয়া সফরকালে খলিলজাদ বলেন, "মুসলিম বিশ্ব আন্তর্জাতিক মূলধারায় যোগ দেবে। তবে এতে সময় লাগবে। কারণ, তাদের যাত্রা শুরু হয়েছে দেরীতে। আর তাদের নিজেদের চিন্তাভাবনাতেও একতা নেই। কেউ কেউ নবী মোহম্মদের যুগে ফিরে যাওয়ায় বিশ্বাস করে।" আর একারণেই মুসলমানদের মধ্যে সমঝোতা হতে এবং আধুনিক বিশ্বে যোগ দিতে সময় লাগবে বলে খলিলজাদ উল্লেখ করেন।
ইরাক প্রসঙ্গে খলিলজাদ বলেন, " সেখানে নিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন বিদেশি সেনা থাকার প্রয়োজন পড়বে। আর নিজের পায়ে দাঁড়াতেও ইরাকের আর বহু সময় লাগবে।" এই সময় ১০ কিংবা ১২ বছর হতে পারে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "হ্যাঁ। তা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ঘ.
bdnews24