এথেন্স, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রিসের পেলোপেনীয় উপদ্বীপে চতুর্থ দিনেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। পুড়ে ছাই হয়ে গেছে শ'শ' ঘরবাড়ি, খামার ও কয়েক হাজার একর বনাঞ্চল। বাতাসে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে আগুন জ্বলে উঠছে দাউ দাউ করে। ব্যাহত হচ্ছে দমকলকর্মীদের আগুন নেভানোর প্রচেষ্টা। জ্বলে গেছে আত্তিকা, এভিয়া দ্বীপসহ প্রাচীন শহর অলিম্পিয়া। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।
গ্রিসে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম এ দাবানল শুরু হয় শুক্রবার। শনিবার প্রবল বাতাস ও উষ্ণ আবহাওয়ার কারণে আরও কয়েকটি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এক গ্রামবাসীর আর্তনাদ, "আমরা শেষ হয়ে গেছি। আমাদের খামার, পশুপাখি সব মরে গেছে। কোনোকিছুই আর নেই।"
বহু মানুষ আগুন থেকে বাঁচতে সাময়িকভাবে আশ্রয় নিয়েছে স্কুল, হোটেল কিংবা স্বাস্থ্য কেন্দ্রে। দাবানলের জন্য দায়ী ব্যক্তিদের ধরে দেওয়ার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে।
এর আগে শনিবার জাতির উদ্দেশে এক ভাষণে গ্রিক প্রধানমন্ত্রী কোস্টাস কারামানলিস দেশের সব অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, এক সঙ্গে এত জায়গায় দাবানল দুর্ঘটনা হতে পারে না। এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।
দাবানল নেভাতে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সাহায্য চেয়েছে গ্রিস। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
দমকল বিভাগের মুখাপাত্র ইওয়ানিস স্ট্যামওলিস জানান, শনিবার পশ্চিম গ্রিস, পেলোপোনীয় উপদ্বীপ, ইভিয়া দ্বীপ এবং আত্তিকা (এথেন্স) অঞ্চলের ৮৭ স্থানে বনে আগুন জ্বলছে। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।
উদ্ধারকর্মীরা জানান, তারা রাস্তার পাশে পোড়া বাড়ি ও গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে এক মা তার শিশুকে জড়িয়ে ধরেই মৃত্যুবরণ করেছে। নিহতদের মধ্যে ২ জন ফরাসী পর্যটক আছেন বলেও তারা জানিয়েছেন।
গ্রিসের দমকল বিভাগের মুখপাত্র নিকোস দিয়ামান্দিস জানান, দমকল কর্মীরা সারারাত ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে আগুন নেভানোর কাজে সেখানে প্রায় ৫০০ সেনার যোগ দেওয়ার কথা।
বনাঞ্চলে দমকল কর্মীদের মতোই একইসঙ্গে হেলিকপ্টার ও বিমান থেকে পানি ফেলে দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তপক্ষ।
গ্রিক টেলিভিশনকে স্থানীয় এক বাসিন্দা জানান," চোখের সামনে আমাদের ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আশপাশের বাড়িঘরে কেউ আটকা পড়েছে কি না তা খুঁজে দেখছি আমরা। আমাদের সাহায্য দরকার।"
তিনি বলেন," আমাদের কোনো আশা নেই। তারা আমাদেরকে ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে।"
পেলোপেনীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে শুরু করে ৮০ কিলোমিটার দক্ষিণ পর্যন্ত মানি অঞ্চলের বহু গ্রামের বাসিন্দারা সাহায্যের জন্য আবেদন করেছেন।
গ্রিসের প্রধানমন্ত্রী কোস্টাস কারামানলিস ওই অঞ্চল সফরে গিয়েছেন এবং আগুন নেভানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার এবং সেখানে নতুন করে বনায়নেরও ঘোষণা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন,"আমাদের নাগরিকদের জানমালের এ ক্ষতিতে গভীর সমবেদনা জানাচ্ছি আমি। এটা আমাদের সবার জন্য এক কঠিন সময়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৩০০ ঘ.
bdnews24