কাবুল, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর এক বোমা হামলায় তিন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। ওই বোমা হামলার সময় ব্রিটিশ সেনারা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল এবং সে অভিযানে সাহায্য করছিল মার্কিন বিমানবাহিনী। ব্রিটিশ সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।
২০০১ সালে আফগানিস্তান থেকে তালেবান সরকার উৎখাতের পর এ নিয়ে দেশটিতে নিহত ব্রিটিশ সেনার সংখ্যা পৌঁছাল ৭৩ জনে। বৃহস্পতিবারের ওই ঘটনায় আরও দুই সেনা আহত হয়।
হেলমান্দে ব্রিটিশ সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, "কাজাকির উত্তর-পশ্চিমাঞ্চলে গতরাতে এক নিয়মিত টহলে বেরিয়েছিল তারা। তখন তারা একটি সংঘর্ষের মুখোমুখি হয় এবং নিকটস্থ মার্কিন বাহিনীর কাছে বিমান সাহায্যের আবেদন জানায়। যুক্তরাষ্ট্রের দুটি এফ-১৫ বিমান সেখানে সাহায্য করতে যায়।"
মার্কিন বিমান থেকে একটি মাত্র বোমা নিক্ষেপ করা হয়।
মুখপাত্র বলেন, "নীচে তালেবানরা রয়েছে মনে করে সেনারা বোমা বর্ষণের নির্দেশ দেয়। হয় আমাদের অবস্থান নির্ণয় সঠিক হয়নি নতুবা বোমাটিতে কোনো সমস্যা ছিল।"
এলোপাতাড়ি বিমান হামলায় গত দুই বছর অসংখ্য বেসামরিক লোকের প্রাণহানির জন্য আফগান কর্মকর্তারা বিদেশি সেনাদের সমালোচনা করে আসছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির বিষয়ে একটি বিশদ তদন্ত হবে।
এদিকে, ওয়াশিংটনে এক লিখিত বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান থেকে নিক্ষিপ্ত বোমায় তিন ব্রিটিশ সেনার মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত।
একইসঙ্গে বিবৃতিতে জানানো হয়েছে, তারা তাদের ব্রিটিশ মিত্রদের সহায়তায় মর্মান্তিক ওই ঘটনার বিশদ তদন্ত করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24