বাগদাদ, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে বৃহস্পতিবার সুন্নি আরব ও আল কায়েদা জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ইরাকি পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ এবং শেখ তামিম ও ইব্রাহীম ইয়াহিয়া গ্রামের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালের দিকে প্রায় ২০০ বন্দুকধারী তাদের গ্রামে হামলা চালিয়ে ৩ যুবক এবং একটি মসজিদের ইমামকে গলা কেটে হত্যা করে। ওই ঘটনার জের ধরে স্থানীয় জঙ্গিরা পাল্টা হামলা চালায়। এতে ওই বন্দুকধারী হামলাকারীদের ১০ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, তারা হামলাকারীদের ১০ জনকে আটক করেছে।
বাকুবার পুলিশ প্রধান ব্রিগেডিয়ার-জেনারেল আলী দিলায়েন বলেন, গ্রাম দুটিতে ঢোকার আগে হামলাকারীরা সেখানে মর্টার এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। তিনি বলেন, তারা গ্রাম দুটির বেশ কিছু বাড়ি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয় এবং চলে যাওয়ার সময় পাঁচজন মহিলাকে অপহরণ করে নিয়ে যায়।
ইরাকে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি এবং সুন্নি আরব জঙ্গিদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বের একটি উদাহরণ বৃহস্পতিবারের এ সংঘর্ষ। তারা মার্কিন সেনা ও শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি নিজেদের মধ্যেও সংঘাতে লিপ্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24