হিউস্টন, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মার্কিন নভোযান এনডেভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মঙ্গলবার পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করেছে। হারিকেন ডিনের দরুণ অবতরণের সময় সমস্যা হতে পারে এ আশঙ্কায় একদিন আগেই এনডেভারকে ফিরিয়ে আনা হচ্ছে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, আবহাওয়া ভাল থাকলে এনডেভার সাত জন ক্রুসহ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২ টা ৩২ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে অবতরণ করবে।
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বৃষ্টির কারণে এনডেভারের তাপনিরোধক আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এনডেভারের অবতরণের দায়িত্বে নিয়োজিত পরিচালক স্টিভ স্টিচ জানান, মহাকাশযানের নিরাপদ অবতরণের ব্যাপারে তিনি আশাবাদী।
বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, "বছরের এ সময় আবহাওয়া বেশ ভাল।"
এর আগে বুধবার এনডেভারকে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করে নাসা। তবে হারিকেন ডিনের কারণে সময় একদিন এগিয়ে আনা হয়। হারিকেন ডিন ক্যারিবীয় সাগর হয়ে মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে জনসন মহাকাশ কেন্দ্রে এনডেভারের অবতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় নাসা ওই পদক্ষেপ নিয়েছে।
তবে সোমবার মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে হারিকেন ডিন আঘাত হেনেছে। তবে টেক্সাসে আঘাত না হানার সম্ভাবনাই বেশি। তবে নাসা তার পরিকল্পনা পরিবর্তন করেনি।
এদিকে পেটে তিন ইঞ্চি পরিমাণ খাঁজ নিয়েই ফিরছে এনডেভার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সময় বায়ুমন্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে এনডেভারের তাপ নিরোধক আচ্ছাদনে ওই খাঁজের সৃষ্টি হয়।
নাসা মনে করছে এনডেভারের খাঁজ এর জন্য বিপজ্জনক হবে না। ফলে মেরামত না করেই একে পৃথিবীতে ফিরিয়ে আনার পক্ষে তারা।
পরিচালক স্টিচ বলেন, "আমি নিশ্চয়তা দিতে পারি এনডেভার কোন রকম বিপর্যয়কর ক্ষতির সম্মুখীন হবে হবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১১০ ঘ.
bdnews24