মস্কো, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে মস্কোয় মঙ্গলবার আন্তর্জাতিক পর্যায়ে "ইতিবাচক" আলোচনা হয়েছে। তবে সে আলোচনায় কোনো উপসংহারে পৌঁছানো যায়নি। আলোচনায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান ব্লেয়ার হল একথা জানিয়েছেন।
তিনি বলেন, "আমাদের ছয়টি দলের মধ্যে খুবই কার্যকর আলাপ-আলোচনা হয়েছে। উপসংহারে পেঁছৈানো না গেলেও কার্যকর আলোচনা হয়। তবে আরও বিবেচনার জন্য প্রতিনিধি দলগুলোর প্রধানদের কাছে আমরা কিছু সুপারিশ করব।"
হল বলেন, "খুবই সহযোগিতামূলক পরিবেশে খোলা মনে বিস্তারিত আলোচনা হয়েছে।" তবে বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।
উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করে আসছে।
ইতোমধ্যে তাদের মধ্যে একটি চুক্তিও হয়েছে। সে চুক্তির প্রথম ধাপের আওতায় ৫০ হাজার টন ভারী জ্বালানি তেলের বিনিময়ে উত্তর কোরিয়া গত মাসে ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধের ঘোষণা দিয়েছে। যেখান থেকে অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়ান উৎপাদন করছিল উত্তর কোরিয়া।
মস্কোয় মঙ্গলবারের বৈঠকটি ছিল এ মাসের শেষ দিকে নির্ধারিত ছয় দেশের মধ্যে পূর্ণ আলোচনার প্রস্তুতিমূলক বৈঠক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে
bdnews24