তেহরান, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আবারও ইসরায়েলের দিকে বাক্যবান ছুঁড়েছেন। শনিবার তিনি ইসরায়েলের নিন্দা জানিয়ে দেশটিকে 'শয়তানের নিশান' বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েল ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। তেহরানের সরকারি সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
দু বছর আগে আহমাদিনেজাদ ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলে ব্যাপক সমালোচিত হন। তিনি প্রায় ইসরায়েলে ধ্বংসের কথা বলেন। তবে তিনি দাবি করে থাকেন যে, ইরান কারো জন্য হুমকি নয়।
দু মাস আগে তিনি বলেছিলেন, ইসরায়েলকে ধ্বংস করার জন্য লেবানন ও ফিলিস্তিনের জনগণ দিন গুনছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) প্রেসিডেন্ট আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে জানায় যে তিনি বলেছেন, "কোন প্রতিষ্ঠান যখন দর্শনগত অবস্থান থেকে বিচ্যুত হয় এবং তার শাসনের ন্যায্যতা আর থাকে না তখন ওই প্রতিষ্ঠানটি পতন ও ছিন্নভিন্ন হওয়ার পথে চলে যায়।"
দখলদারিত্ব এবং আগ্রাসনের জন্য ইসরায়েলকে দোষারোপ করে তিনি বলেন, "এ দেশটি শয়তানের নিশান।"
তবে আহমাদিনেজাদের বক্তব্যে এটা পরিস্কার নয় যে তার শব্দ চয়ন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কিনা। কারণ ইরানের ধর্মীয় নেতারা যুক্তরাষ্ট্রকে "মহা শয়তান" বলে আখ্যায়িত করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩৩০ ঘ.
bdnews24