নয়া দিল্লি, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেছেন, বিরোধী হিন্দু জাতীয়তাবাদীরা তার মৃত্যু চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসরকারি পারমাণবিক জ্বালানী চুক্তি নিয়ে বিরোধী দলের সঙ্গে বাকযুদ্ধে মনমোহন তাদের বিরুদ্ধে সর্বশেষ এ অভিযোগ করলেন।
ভারতের সাপ্তাহিক সাময়িকী ইন্ডিয়া টুডের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে মনমোহন এ মন্তব্য করেন। শনিবার সাময়িকীর সর্বশেষ সংস্করণে তার সাক্ষাতকারটি প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী মহমোহন বলেন, "এমনকি তারা বিশ্বাস করতে চায় না যে আমি প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ করতে পারব। এছাড়া কোন কোন নেতা একটি নির্দিষ্ট দিনে আমার মৃত্যু চেয়ে প্রার্থনা করেছেন।"
তিনি বলেন, "ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী হওয়া আমার ভাগ্যে ছিল। এ ব্যাপারে আমার দৃঢ় প্রত্যয় রয়েছে।" তবে কোন হিন্দু জাতীয়বাদী নেতা তার মৃত্যু চেয়ে প্রার্থনা করেছেন মনমোহন সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
এ সম্পর্কে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রীর এ মন্তব্যকে শুধু আবর্জনা বলে বর্ণনা করা যায়।
সাময়িকীটি জানায়, জুনে প্রধানমন্ত্রীর সাক্ষাতকার নেওয়া হয়েছে। তবে কথা ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঐতিহাসিক পরমাণু চুক্তি হওয়ার পর সাক্ষাতকারটি ছাপা হবে।
এ চুক্তির ফলে গত তিন দশকের মধ্যে এ প্রথম ভারতের জন্য যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানী এবং সরঞ্জাম পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
তবে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সমর্থক বামপন্থী দলগুলো এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ চুক্তির বিরোধিতা করছে। তারা বলছে, এ চুত্তি ভারতের পরমাণু নিরাপত্তার প্রশ্নে এক ধরণের আপোষ এবং এতে দেশটি মার্কিন কৌশলগত প্রভাবের আওতায় চলে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৭০৪ ঘ.
bdnews24