জেরুজালেম, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র আগামী এক দশকে ইসরায়েলকে ৩০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা দেবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার জেরুজালেমে দু দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের আগের অনুদানের চেয়ে এবার তা ২৫ শতাংশ বেশি।
এ অনুদানকে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে একটি রক্ষাপ্রাচীর হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
জেরুজালেমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস। তিনি বলেন, ইরান, সিরিয়া এবং তাদের সাহায্যপুষ্ট লেবানন ও ফিলিস্তিনের তুলনায় সামরিক শক্তিতে এগিয়ে রাখতেই ইসরায়েলকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
বার্নস সাংবাদিকদের বলেন, "মার্কিন দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে আর কোন প্রশ্ন নেই যে মধ্যপ্রাচ্য ১০ বা ২০ বছর আগে যে রকম ছিল এখন তার চেয়েও বেশি বিপজ্জনক। সে কারণে ইসরায়েল আরও বেশি হুমকির মুখে। এ হুমকি তাৎক্ষণিক এবং দীর্ঘ মেয়াদী।"
তিনি বলেন, ইসরায়েল যে রকম হুমকি মোকাবেলা করছে যুক্তরাষ্ট্রও এ অঞ্চলের কয়েকটি দেশ ও সংস্থার কাছ থেকে এই ধরণের অনেক হুমকির সম্মুখীন।
গত মাসে যুক্তরাষ্ট্র বলেছে, দেশটি সৌদি আরব এবং উপসাগরীয় কয়েকটি দেশের কাছেও ২০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দেবে। মিশরও একই পর্যায়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাওয়ার জন্য মরিয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24