কারাকাস, আগস্ট, ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্টের ক্ষমতা বেঁধে দেওয়া মেয়াদে সীমাবদ্ধ রাখতে চান না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। আর তাই নিজ শাসনামলকে দীর্ঘ করার প্রয়াসে তিনি বুধবার সংবিধান থেকে প্রেসিডেন্সির মেয়াদ তুলে দেওয়ার প্রস্তাব করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়তত্ত্বসাশনের অবসান ঘটানোরও প্রস্তাব দেন তিনি। এতে করে সবকিছুর ওপর রাষ্ট্রের শক্তিশালী প্রভাবের পাশাপাশি আন্তর্জাতিক রিজার্ভের ওপর শ্যাভেজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
বামপন্থি নীতির কারণে শ্যাভেজ সমালোচকদের সমালোচনা শিকার হয়েছেন। মার্কিন কর্মকর্তারাও শ্যাভেজকে একনায়ক শাসক আখ্যা দিয়ে গণতন্ত্র ক্ষুন্ন করার প্রচেষ্টায় ভেনেজুয়েলার তেল সম্পদকে কাজে লাগানোর জন্য তাকে অভিযুক্ত করেছেন। কিন্তু শ্যাভেজের সমর্থকরা বারবারই নির্বাচনে তাকেই জয়যুক্ত করেছে।
এবার সেই জয়কেই পাকাপোক্ত করতে বুধবার শ্যাভেজ প্রকাশ করেছেন তার সাংবিধানিক সংস্কার পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে গণভোটে তা পাস হতে হবে। এতে তিনি বলেছেন, প্রেসিডেন্টের মেয়াদ একবছরের পরিবর্তে কোনো শর্ত এবং পুনর্নির্বাচন ছাড়াই ৭ বছর বাড়ানো উচিত।
ভেনেজুয়েলার বর্তমান সংবিধানের আওতায় শ্যাভেজ তার প্রেসিডেন্সির ২য় ও চূড়ান্ত মেয়াদ পার করছেন। ২০১২ সালে মেয়াদ শেষের পর তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন না। কিন্তু শ্যাভেজের সংবিধান সংস্কার প্রস্তাব পাস হলে তিনি যতবার নির্বাচনে জিতবেন ততবারই প্রেসিডেন্ট থাকতে পারবেন।
এটি সিংহাসন পাকাপোক্ত করারই ব্যবস্থা--- এমন মন্তব্যের জবাবে শ্যাভেজ বলেন, "না। এটি একটি সম্ভাবনা মাত্র। এই সম্ভাবনা অনেক কিছুর ওপর নির্ভর করছে।"
কংগ্রেসে দেওয়া দীর্ঘ ভাষণে শ্যাভেজ বেসরকারি কোম্পানিগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ জোরদার করার কথা বলার পাশাপাশি কাজের ঘন্টা ৮ থেকে ৬ ঘন্টায় নামিয়ে আনা উচিত বলে মন্তব্য করেন। সেইসঙ্গে খেটে খাওয়া দরিদ্র মানুষদের সামাজিক নিরাপত্তা ও সুযোগ সুবিধা দেওয়ারও প্রস্তাব করেন তিনি। একবিংশ শতাব্দীতে করণীয় বিষয়গুলো তুলে ধরতে গিয়ে শ্যাভেজ এসব কথা বলেন।
১৯৯৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসার পর শ্যাভেজ ধীরে ধীরে ভেনেজুয়েলায় তার প্রভাব বাড়িয়েছেন। বিচারবিভাগসহ প্রতিটি প্রতিষ্ঠানই তার কঠোর নিয়ন্ত্রণে। পার্লামেন্ট থেকে শুরু করে আইন-আদালত, রাষ্ট্র , পৌর করপোরেশন সব জায়গাই তার সমর্থকদের ১০০ ভাগ নিয়ন্ত্রণে।
শ্যাভেজ তার নতুন পরিকল্পনায় সংবিধানের ৩৫০ নাম্বার অধ্যায়ের ৩৩ ধারা সংশোধন করতে চান। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গনে পরিবর্তন আনতে ১৯৯৯ সালেও একবার এই ধারা সংশোধন করেছিলেন শ্যাভেজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৮ঘ.
bdnews24