২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে জ্বালানির দাম প্রায় পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি

পূর্ব ঘোষণা ছাড়াই মিয়ানমারের সামরিক সরকার বুধবার জ্বালানির দাম প্রায় পাঁচশ' শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গ্যাসের (সিএনজি) দাম। একইসঙ্গে বেড়েছে পেট্রল ও ডিজেলের দামও। সরকার এ বিষয়ে কোনো প্রকাশ্য ঘোষণা না দিলেও সরবরাহ কেন্দ্রগুলোকে নতুন দামে জ্বালানি বিক্রির নির্দেশনা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ইয়াঙ্গুন, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পূর্ব ঘোষণা ছাড়াই মিয়ানমারের সামরিক সরকার বুধবার জ্বালানির দাম প্রায় পাঁচশ' শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গ্যাসের (সিএনজি) দাম। একইসঙ্গে বেড়েছে পেট্রল ও ডিজেলের দামও। সরকার এ বিষয়ে কোনো প্রকাশ্য ঘোষণা না দিলেও সরবরাহ কেন্দ্রগুলোকে নতুন দামে জ্বালানি বিক্রির নির্দেশনা দিয়েছে। সরকার পরিচালিত একটি সরবরাহ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, রূপান্তরিত প্রাকৃতক গ্যাসের (সিএনজি) দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি কেজি গ্যাসের দাম ৫৪ কিয়েট থেকে বাড়িয়ে করা হয়েছে ২৭৩ কিয়েট। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ মিয়ানমার বিপুল পরিমাণ গ্যাস বিদেশে রফতানি করে থাকে। জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ওই ব্যবস্থাপক বলেন, অনতিবিলম্বে নতুন দামে বিক্রি করার জন্য বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, "গ্যালন প্রতি পেট্রোলের দাম ১,৫০০ কিয়েট থেকে বেড়ে ২,৫০০ কিয়েট এবং ডিজেলের দাম ১,৫০০ কিয়েট থেকে বেড়ে ৩,০০০ কিয়েট হয়েছে।" হঠাৎ করে জ্বালানির দাম বাড়ার পর সাবেক বার্মার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের রাস্তায় বেশ কিছু সিএনজি ট্যাক্সিকে অলস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কারণ চালকরা ভাড়ার নতুন কোনো মূল্য তালিকা পায়নি। তাছাড়া কত ভাড়া নেওয়ার অনুমতি রয়েছে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। চালকদের একজন বলেন, "আমরা কত ভাড়া নেবো সে সম্পর্কে আমাদেরকে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। আমি জানি না কী করতে হবে এবং সিদ্ধান্ত নিয়েছি আজ গাড়ি না চালানোর।" দাম বাড়ার পর অবাক হয়েছেন সাধারণ যাত্রীরাও। ইয়াঙ্গুনে একটি বাস থেকে নেমে একজন মহিলা বলেন, "আজ সকালে আমাকে ২০০ কিয়েট দিতে হয়েছে। যেখানে আগের দিন দিয়েছি ১০০ কিয়েট। সরবরাহ কেন্দ্রের ব্যবস্থাপক আরও জানান, ইয়াঙ্গুনে গাড়ির মালিকদের মাসিক কোটা ৬০ গ্যালনই রয়েছে। তিনি বলেন, "প্রদেশগুলোর নতুন কোটা সম্পর্কে আমি জানি না। তবে আমি নিশ্চিত তা হবে এখানকার চেয়ে অনেক কম।" সরকার পরিচালিত স্টেশন থেকে গাড়ির মালিকদের ৬০ গ্যালনের চেয়ে বেশি জ্বালানি পাওয়ার কোটা নেই। কিন্তু তাদের প্রয়োজন পড়ে তার চেয়ে বেশি। অতিরিক্তি চাহিদা মেটাতে কালো বাজার থেকে জ্বালানি কিনতে হয় তাদের। স্থীনীয় কালোবাজারে মঙ্গলবারও সরকারি দামের প্রায় দ্বিগুণ দামে জ্বালানি বিক্রি হয়েছে। ১৯৬২ সাল থেকে সামরিক শাসনে থাকা মিয়ানমার সর্বশেষ ২০০৫ সালের অক্টোবর মাসে জ্বালানির দাম বাড়িয়েছিল। তখন গ্যালন প্রতি ডিজেলের দাম ১৬০ কিয়েট থেকে বাড়িয়ে ১,৫০০ কিয়েট এবং পেট্রোলের দাম ১৮০ কিয়েট থেকে বাড়িয়ে ১,৫০০ কিয়েট করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪২০ ঘ.