হাভানা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সোমবার ৮১ বছর পূর্ণ করছেন ক্যাস্ত্রো। প্রায় একবছর আগে স্বাস্থ্যগত সমস্যার কারণে ছোট ভাই রাউলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে জনজীবন থেকে সরে দাঁড়ালেও একটুও বিস্মৃত হননি তিনি। তার স্বাস্থ্যগত শঙ্কা কিংবা তার অনুপস্থিতিতে কিউবার ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা যেটাই হোক না কেন সংবাদ মাধ্যমে প্রতিনিয়তই তার উপস্থিতি অত্যন্ত সরব। প্রায় চার দশক একটানা দেশ শাসনের পর রাষ্ট্রক্ষমতায় ক্যাস্ত্রোর অনুপস্থিতি এখন অনেকটাই সয়ে এসেছে। কিন্তু লোকচক্ষুর সামনে না থাকলেও তার শক্তিশালী রাজনৈতিক ভাবমূর্তিকে পাশ কাটানো এককথায় অসম্ভব।
ফিদেল ক্যাস্ত্রোকে দেখা হচ্ছে অনেকটা চীন বিপ্লবের নেতা মাও সেতুং এর মতো করে। যেখানে তার উত্তরসূরীদের অর্থনৈতিক সংস্কারের দিকে এগোতে হলেও তা করতে হবে কমিউনিস্ট রাষ্ট্রটিকে টিকিয়ে রেখেই।
'শ্রেনীহীন সমাজে মুদ্রা ব্যবস্থা তুলে দেওয়া সম্ভব কি না' এমন ধারণাকে একসময় মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন ক্যাস্ত্রো। শারীরিক অসুস্থ্যতার কাছে হার মানলেও আশি পার করা এ বিপ্লবী মানসিকভাবে একটুও ভেঙ্গে পড়েননি। এখনও তার সময় কাটে "মানব জাতির সামনে হুমকি হয়ে দাঁড়ানো গভীরতর সংকটে মনোনিবেশ করে"। গত সপ্তাহে লেখা একটি সম্পাদয়কীয়তে এমন উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন মার্কিন পুঁজিবাদ বিশ্বে মানব অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত হয়েছে।
তার অসুস্থতা সম্পর্কে যেমন গোপনীয়তা বজায় রাখা হয়েছিল তেমনি তার বর্তমান জীবনযাপনও ততোটাই সাধারণ মানুষের আড়ালে। ক্যাস্ত্রো শারীরিকভাবে অনেকটাই সেরে উঠেছেন বলে বলা হলেও তার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসতে পারেন বলে আর বলছেন না দেশটির কর্মকর্তারা।
ক্যাস্ত্রোর ভাই এবং দেশটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর মেয়ে ম্যারিয়েলা স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে বলেছেন, "আমাদের নেতাকে হারানো নিয়ে যে উদ্বেগ আছে তা এখন আমাদের খুবই কাছে"
ম্যারিয়েলা আর বলেন যে, তার 'আদর্শিক কর্তৃত্বের' মধ্য দিয়েই কিউবায় বিপুল প্রভাব রয়েছে ফিদেল ক্যাস্ত্রোর। তবে 'ফিদেল কিংবা ফিদেলহীন' অবস্থাতেই এগিয়ে যেতে অভ্যস্ত হচ্ছে কিউবা।
কিউবার নেতৃত্বের সামনে এখন দেশটির সংস্কারের যেসব চ্যালেঞ্জ মোকাবেলা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে সেগুলোর অন্যতম হল - জনপরিবহন, আবাসন, খাদ্য ঘাটতি ও নিম্ন মজুরীর সমস্যা দূর করা। কিন্তু রাতারাতি যেমন তা সম্ভব নয় তেমনি একবার সংস্কারের ছোঁয়া লাগলে তাকে নিয়ন্ত্রণে রাখা যাবে কি না তা নিয়েও উদ্বিগ্ন রাজনৈতিক নেতৃত্ব।
এমন অবস্থায় কেউ কেউ বলছেন যে ফিদেলের পরিণতিকে তুলনা করা যেতে পারে কেবল মাও সেতুংয়ের সঙ্গেই। জীবনের শেষে দিকে এসেও সংস্কারকে ঠেকিয়ে রাখলেও ১৯৭৬ সনে মৃত্যুর সময় চীনকে একটি ভগ্নপ্রায় অর্থনীতি দিয়ে গিয়েছিলেন তিনি। তবুও চীন বিপ্লবের মহানায়ককে হিসেবে মাওয়ের কীর্তিকে যেমন কোননোভাবেই অগ্রাহ্য করা যায়নি তেমনি তার মৃত্যুর পর অবশ্যম্ভাবী অর্থনৈতিক সংস্কারের স্রোতকেও ঠেকিয়ে রাখা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/২১৫৫ ঘ.
bdnews24