তাইপে, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে মধ্য আমেরিকার বিভিন্ন দেশ সফর করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান। তাইওয়ানকে একঘরে ফেলার জন্য ওই অঞ্চলের দেশগুলোর ওপর চীনের ক্রমাগত চাপের পরিপ্রেক্ষিতে চেন সুই-বিয়ান সফরে বের হচ্ছেন।
জুনে কোস্টারিকা তাইপের সঙ্গে তার ৬৩ বছরের সম্পর্ক ছেদ করেছে। এর পর দেশটি চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এর ফলে এক সময় তাইপের প্রতি অনুগত ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেভিড ওয়াঙ জানান, প্রেসিডেন্ট চেন এ মাসেই মধ্য আমেরিকা সফরে যাচ্ছেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জেমস হুয়াঙও যাচ্ছেন। সফরকালে হুন্ডরাসে তাইওয়ান-মধ্য আমেরিকা ও ডমিনিকান রিপাবলিকের নেতাদের এক সম্মেলনে যোগ দেবেন তিনি। ওই সম্মেলনে জ্বালানী ও পরিবেশ বিষয়ক ইস্যুগুলোর ওপর আলোচনা হবে।
এছাড়া চেন সম্মেলনে যোগ দেওয়া সব দেশের নেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করবেন বলেও ওয়াঙ জানিয়েছেন।
কোস্টারিকা কূটনৈতিক সম্পর্ক ছেদ করায় এখন তাইওয়ানের মিত্র দেশের সংখ্যা দাঁড়িয়েছে ২৪। এগুলোর অধিকাংশই গরীব। অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক রয়েছে ১৭০টি দেশের।
চীন বরাবরই তাইওয়ানকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে এবং পুনরেকত্রীকরণের জন্য চাপ দিয়ে আসছে। দেশটির দাবি তাইওয়ান মূল ভূ-খণ্ডের একটি বিচ্ছিন্ন অংশ। ১৯৪৯ সালে গৃহযুদ্ধের মধ্য দিয়ে তাইওয়ান বিচ্ছিন্ন হয়ে যায়।
এ দিকে তাইওয়ানকে সদস্যপদ দেওয়ার জন্য জাতিসংঘ বরাবর প্রেসিডেন্ট চেনের লেখা চিঠি চীন প্রত্যাখ্যান করায় বুধবার এর প্রতিবাদ করেছে তাইপে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ২০৪০ ঘ.
bdnews24