জাকার্তা, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রথমবারের মতো সরাসরি ভোটে গভর্নর নির্বাচনে এগিয়ে আছেন বর্তমান ডেপুটি গভর্নর ফওজি বোওয়ো। বুধবার জাকার্তার নগর প্রশাসন নির্বাচনের নমুনা ভোট গণনায় একথা জানা গেছে। মাত্র দুই প্রার্থীর এ নির্বাচনে বোওয়োর প্রতিদ্বন্দ্বী পুলিশ বিভাগের সাবেক উপপ্রধান আদাং দারাদজাতুন।
ফওজি বোওয়োকে সমর্থন দিচ্ছে দেশটির শীর্ষস্থানীয় গোলকার পার্টি এবং ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক স্ট্রাগল পার্টিসহ ১৯টি রাজনৈতিক দলের এব বিশাল জোট। অন্যদিকে আদাং দারাদজাতুনকে সমর্থন দিচ্ছে ইসলামপন্থী জাস্টিস এন্ড প্রোসপারিটি পার্টি (পিকেএস)। নতুন এ দলটি খুব অল্প সময়ের মধ্যেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ভাল সাফল্য পেয়েছে। গত জাতীয় নির্বাচনে ৫৫০ আসনের পার্লামেন্টে ৪৫টি আসনসহ ৭.৩৪ শতাংশ ভোট পায় দলটি।
দেশটির বেসরকারি জরিপ সংস্থা ইন্দোনেশিয়া সার্ভে ইনস্টিটিউট (আইএসটি) নমুনা ভোট গণনায় বোওয়োর এগিয়ে থাকার কথা জানায়। এদিকে দেশটির মেট্রো টিভিতে বলা হয় ৫৭ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন বোওয়ো অন্যদিকে দারাদজাতুন পেয়েছেন প্রায় ৪৩ ভাগ ভোট।
আইএসটির পরিচালক সাইফুল মুজানি মেট্রো টিভিকে বলেন, চূড়ান্ত ফলাফলে ১ শতাংশ এদিক ওদিক হতে পারে এ নমুনা ভোট গণনা থেকে।
নির্বাচনে জয়ের বিষয়ে বেশ প্রত্যয়ী বর্তমান ডেপুটি গভর্নর ফওজি বোওয়ো। একজন নগর পরিকল্পনাবিদ বোওয়ো বলেন, স্থানীয় সরকার পরিচালনায় তার কয়েকবছরের অভিজ্ঞতাকেই তাকে ভোট ভোট দেওয়ার একটি কারণ হিসেবে বিবেচনা করতে পারেন ভোটাররা।
এদিকে বোওয়োর নির্বাচনী জোট প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিষয়ে প্রশ্ন তুলে বলেছে যে দারাদজাতুন বিজয়ী হলে জাকার্তায় শরীয়া ধাঁচের আইন প্রণয়ন করতে পারেন তিনি।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে দারাদজাতুন বলেছেন ভোটারদের বিভ্রান্ত করতেই উদ্দেশ্যমূলকভাবে এ প্রচারণা চালাচ্ছে প্রতিপক্ষ। তিনি বলেন এ প্রাণবন্ত নগরীটির বৈধ নৈশকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেবেন না তিনি।
ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ এবং দেশটির ৮৫ ভাগ মানুষই মুসলিম হলেও বেশিরভাগ মুসলিমই একটি উদারপন্থী জীবন ব্যবস্থা অনুসরণ করে থাকেন।
নতুন ইসলামপন্থী দলটি শরীয়া আইন চালুর পক্ষে কথা বললেও এবং বেশ জনপ্রিয়তা পেলেও 'ইসলামী আইন' বলতে তারা ঠিক কি বোঝাচ্ছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে জনগণের মনে। অবশ্য অল্প পরিসরে হলেও ইতিমধ্যেই দেশটির কোনো কোনো স্থানীয় সরকার প্রশাসন শরীয়া ধাঁচের আইন চালু করেছে ।
জাকার্তার নগর প্রশাসন নির্বাচনের ফলাফলকে দেশটির ২০০৯ সালের জাতীয় পার্লামেন্ট নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অবস্থান যাচাইয়ের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০৫ ঘ.
bdnews24