লন্ডন, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- দক্ষিণ ব্রিটেনের ২য় আরেকটি গবাদিপশুর খামারে 'ফুট এন্ড মাউথ' রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে গবাদিপশুর জন্য মারাত্মক ক্ষতিকর রোগটির ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ সরকার মঙ্গলবার একথা জানিয়েছে।
পরিবেশমন্ত্রী হিলারি বেন বলেন, খামারটির গবাদিপশু হত্যা করা শুরু হয়েছে। গত সপ্তায় যে খামারটিতে ফুট এন্ড মাউথ রোগের প্রাদুর্ভাব নিশ্চিত হওয়া গিয়েছিল তার ১০ কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে যে প্রতিরক্ষা অঞ্চল গঠন করা হয়েছিল তার মধ্যে অবস্থিত দ্বিতীয় এ খামারটি।
রোগটির প্রাদুর্ভাবের ফলে একটি আসন্ন হুমকির মুখে পড়েছে ব্রিটেনের গবাদিপশু শিল্প। যে গবাদিপশুর রপ্তানি মূল্য বছরে এক বিলিয়ন মার্কিন ডলার।
বিবিসি টেলিভিশনকে বেন বলেন, প্রধান পশু কর্মকর্তা শিগগিরই নিশ্চত করবেন যে, নমুনাগুলো পরীক্ষা করে তাতে ফুট এন্ড মাউথ রোগ থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে খাদ্য, পরিবেশ ও কৃষি দপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধান পশু কর্মকর্তা ডেব্বি রেনল্ডস বলেন, "সন্দেহজনক এই বিষয়টি আমরা অল্প সময়ের মধ্যে সনাক্ত করতে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি।"
তিনি বলেন, "রোগাটির লক্ষণ সম্পর্কে সজাগ থাকতে এবং কঠোর জীবনিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব পশুপালককে আহ্বান জানাচ্ছি।"
রেনল্ডস বলেন, যত দ্রুত সম্ভব পশুগুলোকে হত্যা করা হবে। একইসঙ্গে তিনি বলেন, পশুগুলো ফুট এন্ড মাউথ রোগে আক্রান্ত হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনাগুলো একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
চেরা খুর বিশিষ্ট গবাদিপশুতে সংক্রমিত এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে সক্ষম রোগটি গত শুক্রবার প্রথম ধরা পড়ে দক্ষিণ-পূর্ব লন্ডনের সুরের একটি ছোট খামারে। পরে সংক্রমিত সেসব গবাদিপশুকে হত্যা করা হয়।
ব্রিটেনে ২০০১ সালের পর সর্বপ্রথম সুরের ওই খামারটিতে রোগটির প্রাদুর্ভাব ধরা পড়ে। যখন ৬০ লাখের বেশি গবাদিপশুকে হত্যা ও পুড়িয়ে ফেলা হয়েছিল। আর তার ফলে ব্রিটেনের কৃষি ও পর্যটন শিল্প খাতে ক্ষতি হয়েছিল সাড়ে আট বিলিয়ন পাউন্ড (১৭ বিলিয়ন মার্কিন ডলার)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে
bdnews24