২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুসমাও প্রধানমন্ত্রী, পূর্ব তিমুরে জোট সরকার ক্ষমতা নেবে বুধবার

পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নায়ক জানানা গুসমাওকে সোমবার সে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠনে বিরাজমান অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা এ পদক্ষেপ নিলেন। বুধবার নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হোর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

দিলি, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নায়ক জানানা গুসমাওকে সোমবার সে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠনে বিরাজমান অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা এ পদক্ষেপ নিলেন। বুধবার নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হোর্তা। গুসমাওর নেতৃত্বাধীন সিএনআরটি পার্টি পার্লামেন্টের অন্য দলগুলোকে নিয়ে একটি কোয়লিশন সরকার ঘোষণা করেছে। তবে সাবেক ক্ষমতাসীন দল ফ্রেতিলিন নতুন সরকারকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী এবং ফ্রেতিলিন পার্টির সাধারণ সম্পাদক আলকাতিরি বলেছেন, তার দল সরকারের বৈধতা চ্যালেঞ্জ করবে। তবে সংঘাত বাধাতে সমর্থকদের রাস্তায় নামাবে না। অবশ্য তার এ ঘোষণার পর ফ্রেতিলিন পার্টির সমর্থকরা রাজধানী দিলির রাস্তায় নেমে আসে। তারা রাস্তায় রাস্তায় টায়ার পোড়ায় এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিশ কমান্ডার ম্যাতিয়াস ফার্নান্দেস একথা জানান। প্রায় এক মাস আগে ৬৫ আসন বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে টানাপড়েন শুরু হয়। ওই সময় প্রেসিডেন্ট হোর্তা বলেছিলেন, দলগুলো সরকার গঠনে ব্যর্থ হলে তিনি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন। প্রেসিডেন্ট হোর্তা গুসমাওকে প্রধানমন্ত্রী নিয়োগ করার পর দিলিতে তার দপ্তরে বলেন, " আজ আমি জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ জোট গুসমাওকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছে।" রামোস হোর্তা স্বাধীন পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট গুসমারওর সহযোগী ছিলেন। ফ্রেতিলিন পার্টির সাধারণ সম্পাদক আলকাতিরি এর বিরোধিতা করে বলেন, "প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত সংবিধান সম্মত নয়। তিনি নির্বাচনে প্রতিফলিত জনগণের আকাঙ্খার প্রতিও সম্মান দেখাননি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০১৫ ঘ.