২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের সঙ্গে বৈঠক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগুবে: ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট সোমবার পশ্চিমতীরের জেরিকো শহরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শুরুর আগে তিনি আশা প্রকাশ করে বলেন, তাদের এ আলোচনা শিগগিরই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমঝোতার দিকে এগিয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

জেরিকো, পশ্চিমতীর, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট সোমবার পশ্চিমতীরের জেরিকো শহরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শুরুর আগে তিনি আশা প্রকাশ করে বলেন, তাদের এ আলোচনা শিগগিরই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমঝোতার দিকে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, কয়েক মাস ধরে ঠেকিয়ে রাখার পর ওলমার্ট শেষপর্যন্ত মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতে রাজি হন। দুপক্ষের বিরোধ মীমাংসা এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ 'মূল ইস্যুগুলো' অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আলোচনার সুযোগ আরও বাড়তে রাজি হন ওলমার্ট। তবে ইসরায়েলি কর্মকর্তারা আলোচনার বিষয় সম্পর্কে মুখ খুলতে রাজি নন। আলোচনার লক্ষ্য যে ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত, জেরুজালেমের ভবিষ্যত এবং শরণার্থীদের দেশে ফেরাসহ চূড়ান্ত মর্যাদা সংক্রান্ত বিভিন্ন ইসু-- তা তারা বলতে নারাজ। তারা বলেন, দুই নেতা 'নীতিগত' সমঝোতা আশা করছেন। ইসরায়েল থেকে পশ্চিমতীরে ঢুকতে শেষ তল্লাশী চৌকি থেকে আধ মাইল দুরে জেরিকোর একটি পর্যটন হোটেলে কড়া নিরাপত্তার মধ্যে ওলমার্ট-আব্বাস বৈঠক শুরু হয়। বৈঠকের আগে ওলমার্ট বলেন, "ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার অমীমাংসিত মূল ইসুগুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনার জন্য আমি জেরিকো শহরে এসেছি। আমি আশা করি এ আলোচনা আমাদেরকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমঝোতার দিকে নিয়ে যাবে।" এ সময় মাহমুদ আব্বাস তার পাশেই ছিলেন। ২০০০ সালের পর ওলমার্টই প্রথম পশ্চিমতীরের কোন শহর সফর করছেন। এ বছরের শেষ নাগাদ মার্কিন সমর্থিত সম্ভাব্য আঞ্চলিক সম্মেলনের আগে দুই নেতা বৈঠকে বসলেন। তবে সাবেক হামাস সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া জেরিকো বৈঠককে জনসংযোগের একটি অপ্রয়োজনীয় কৌশল হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ বৈঠক থেকে কিছুই অর্জিত হবে না। হামাস যোদ্ধারা জুনে গাজা থেকে মাহমুদ আব্বাসের ফাতাহকে উৎখাত করার পর তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সরকারকে বরখাস্ত করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮০৬ ঘ.