ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আজ ৬ই আগস্ট, হিরোশিমা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও সোমবার ৬২ তম হিরোশিমা দিবস পালিত হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা শহরে ১৯৪৫ সালের এ দিনের সকালে বিমান থেকে 'লিটল বয়' নামের প্রথম আনবিক বোমাটি নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র । ভযাবহরকম বিধ্বংসী এ বোমার আঘাতে নিহত ও দীর্ঘমেয়াদে অসুস্থ হয় লাখো সাধারণ মানুষ। তাদের এবং আনবিক বোমার ভয়াবহতাকে স্মরণ করা হয় এ দিনটিতে।
একটি বি-২৯ বিমান থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। মার্কিন বিমানবাহিনীর কর্ণেল পল ডব্লিউ টিবেটস বিমানটি চালাচ্ছিলেন। টিবেটস বোমা হামলার আগের রাতে তার মায়ের নামে বিমানটির নাম দেন 'এনোলা গে'।
এ ঘটনার ঠিক তিনদিন পরই জাপানের অপর শহর নাগাসাকিতে দ্বিতীয় আনবিক বোমা নিক্ষেপ করা হয়। পরপর দুটি আণবিক বোমা বিস্ফোরণে শহর দুটি পুরো ধ্বংস হয়ে যায়।
বোমা বিস্ফোরণের পর হিরোশিমায় তাৎক্ষণিকভাবে ৭০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। ১৯৪৫ সালের শেষ নাগাদ দুই শহরের প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারায়। এছাড়াও বোমার তেজস্ক্রিয়তায় এখনও সেখানকার অনেক মানুষ ক্যান্সার, জন্মগত ত্র"টিসহ নানধরণের জটিল সমস্যায় ভুগছে।
হিরোশিমা দিবস স্মরণে বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন হাসপাতাল ট্রাস্ট (বিসিএফএইচ) সহ অন্যান্য প্রতিষ্ঠান বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন লালমাটিয়ায় হাসপাতাল প্রাঙ্গনে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন,"বোমা বিস্ফোরণের পর এদিন সারাবিশ্ব বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। জনগণ সেদিন শান্তি ও সাফল্য চেয়েছিল এবং এখনও সারা বিশ্ব শান্তির পথ খুঁজছে।"
বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাবাহিনীর অবদানের কথাও স্বীকার করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এফএফ/এসকে ০০৪১ ঘ.
bdnews24