নেপাল, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে নতুন জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। রাজ বন্দনাকারী পুরোনো জাতীয় সঙ্গীত বাদ দেওয়া হয়েছে।
শুক্রবার পার্লামেন্ট স্বীকৃতি দিয়েছে এই নতুন সঙ্গীতকে। ওইদিন পার্লামেন্ট, রেডিও ও টিভিতে একযোগে এটি পরিবেশন করা হয়।
নতুন জাতীয় সঙ্গীতটি লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকার প্রদীপ কুমার রাই। এক হাজার ২৭২টি গান থেকে তার গানটি বেছে নেওয়া হয়েছে।
প্রদীপ কুমার রয়টার্সকে বলেছেন, "এই পরিবর্তনের মাধ্যমে সামন্তবাদ এবং ব্যক্তি বন্দনার অবসান হল। এতে প্রমাণিত হয়েছে যে, জনগণই আসল ক্ষমতার উৎস"
প্রসঙ্গত, রাজা জ্ঞানেন্দ্রর অত্যাচার নিপীড়ণের প্রতিবাদে ব্যাপক গণরোষে তার পতনের পরপরই পুরোনো জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ওঠে।
নতুন সঙ্গীতে রাজ বন্দনা বাদ দিয়ে স্থান পেয়েছে দেশের সবুজ ভূমি, পাহাড়-পর্বত। গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ বিসর্জনকারীদের দেওয়া হয়েছে বীরের মর্যাদা।
বিডিনিউজ পুয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএইচবি/
bdnews24