জেরুজালেম, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের পক্ষে সমর্থন আদায়ে ওই অঞ্চল সফরের অংশ হিসাবে বৃহস্পতিবার পশ্চিমতীরে যান।
রামাল্লা, পশ্চিম তীর, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ইস্যুগুলো নিয়ে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের গভীর আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার পশ্চিম তীর সফরকালে এরকম গুরুত্বপূর্ণ আলোচনায় বসার জন্য দু'পক্ষকেই চাপ দেন রাইস।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কন্টকাকীর্ণ ইসুগুলো হচ্ছে, জেরুজালেমের মর্যাদা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা নির্ধারণ এবং শরণার্থীদের দেশে ফেরার অধিকার। এ ইসুগুলো নিয়েই দুপক্ষকে গভীর আলোচনায় বসার আহ্বান জানান রাইস।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বর্তমান পর্যায়ে ইসরায়েল এই ইসুগুলোতে বড় ধরনের কোনো প্রতিশ্র"তি দিচ্ছে না। কিন্তু রাইস বলছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মৌলিক ইসুগুলো নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, " যে ইসুগুলোর আলোচনা থেকে মূলত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠবে সেগুলো নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা হওয়া উচিত।"
ইসরায়েল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, "ইসরায়েল সীমান্ত ইসু নিয়ে আব্বাসের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত । কিন্তু জেরুজালেমের মর্যাদা নির্ধারণ এবং ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তা এ মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়।"
এদিকে, রাইসের সঙ্গে ওই সংবাদ সম্মেলনে আব্বাস বলেছেন, "ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার ফল কি হবে? শেষ খেলাটা কি হবে?-- সেটি জানা ফিলিস্তিনিদের জন্য জরুরি।"
মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের পক্ষে সমর্থন আদায়ের জন্য মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে রাইস বৃহস্পতিবার পশ্চিম তীরে যান।
ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিতে তিনি দু'পক্ষকে আবার চাপ দেবেন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি মার্কিন সমর্থন নিশ্চিত করবেন।
এর আগে বুধবার রাইস জেরুজালেমে যান। সেখানে এক ভোজ সভায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট তাকে বলেন, তারা ফিলিস্তিনিদের সঙ্গে নতুন করে সহযোগিতা শুরু করেছেন। তবে হামাসকে এ "খেলার বাইরে" রাখতে হবে।
মধ্যপ্রাচ্যে চারদিনব্যাপী সফরে জেরুজালেম যাওয়ার আগে রাইস সৌদি আরব যান। এ বছরের শেষ দিকে প্রস্তাবিত শান্তি সম্মেলনের বিষয়ে সৌদি আরবের মৌন সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন তিনি।
তবে রাইসের এ নতুন পদক্ষেপ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। কেননা এমন একটা সময়ে তিনি এ পদক্ষেপ নিয়েছেন যখন ফিলিস্তিনি ভূখণ্ডগুলো বিভক্ত হয়ে আছে হামাস ও আব্বাসের সমর্থকদের মধ্যে।
জুনে গাজার দখল করে নেয় হামাস। অন্যদিকে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে মাহমুদ আব্বাসের ফাতাহ।
রাইস স্পষ্ট বলেছেন, আব্বাসের উপর তার বিশ্বাস রয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের পক্ষে ইসরায়েলের সঙ্গে আলাপ-আলোচনা করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/এলকিউ/১৯১৯ ঘ.
bdnews24