২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনায় উদ্ধারকাজ চলবে ধীরগতিতে

যুক্তরাষ্ট্রের মধ্য মিনিয়াপলিস অঙ্গরাজ্যে মিসিসিপি নদীর ওপর ধসে পড়া সেতুর ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারকাজ বৃহস্পতিবার সূর্যাস্তের পর বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ বছরেরও বেশি সময় পরে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনায় ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজ চলবে ধীরগতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 06:34 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

মিনিয়াপলিস, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের মধ্য মিনিয়াপলিস অঙ্গরাজ্যে মিসিসিপি নদীর ওপর ধসে পড়া সেতুর ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারকাজ বৃহস্পতিবার সূর্যাস্তের পর বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ বছরেরও বেশি সময় পরে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনায় ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজ চলবে ধীরগতিতে। সেতু ধসে প্রাথমিকভাবে ৭ জন নিহত হওয়ার পর চলা উদ্ধারকাজে বৃহস্পতিবার আরও ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ একথা জানায়। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত নদীতে নিমজ্জিত ১০ টিরও বেশি গাড়ী চিহ্নিত করতে পেরেছে। কিন্তু সেতু ভেঙে নদীতে পড়েছে ৫০ টিরও বেশি গাড়ী। সেগুলো নদীর ৬৫ ফিট গভীরে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পানির তলে এগুলোর সন্ধান শুরু হওয়ার কথা শুক্রবার। মিনিয়াপোলিস এর পুলিশ প্রধান টিম ডোলান বৃহস্পতিবার জানান, "দুর্ঘটনাস্থলে আরও কয়েকজনের নিশ্চিত মৃত্যু হয়েছে।" প্রাথমিক খবরে সেতু ধসে কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। পরে ডোলান জানান, স্থানীয়ভাবে আরও ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে। ৩০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এখনও পাওয়া না যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সন্ধ্যার ব্যস্ত সময়ে ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন লোক। ৪০ বছরের পুরনো সেতুটি বিকট শব্দে ধসে পড়ার সঙ্গে সঙ্গে তার উপরে থাকা যানবাহনগুলো ছিটকে পড়ে মিসিসিপি নদী ও সেতুর কংক্রিটের বাঁধের উপর। একই সময়ে সেসব যানবাহনের উপর আছড়ে পড়ে বড় বড় কংক্রিটের স্লাব। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানায়, এ বিপর্যয়ের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র থাকার কোনো আলামত পাওয়া যায়নি। মহাসড়কের ওই সেতু দিয়ে প্রতিদিন দুই লাখ গাড়ি চলাচল করে বলে জানিয়েছে রাজ্য পরিবহন সংস্থা। দুর্ঘটনার সময় আট লেন বিশিষ্ট দেড়শ' মিটার প্রশস্ত স্টিল ও কংক্রিটের সেতুটিতে সংস্কার কাজ চলছিল। মিনিয়াপলিস সিটির কর্মকর্তারা জানান, ৬০ জনের বেশি লোককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সাত জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। আর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা। হেনিপেন কাউন্টি মেডিকেল সেন্টারের চিকিৎসক ড. জোসেফ ক্লিফটন জানান, তার হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। মিনিয়াপলিস সিটির মেয়র আর টি রাইব্যাক জানান, দুর্ঘটনার শিকার হয়েছে প্রায় ৫০টি গাড়ি। নদীতে ছিটকে পড়া গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গাড়িতে লোকজন আছে কিনা তল্লাশী করে দেখছে তারা। তবে দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছে একটি স্কুল বাস। ওই সময় বাসটিতে ৬০ জন ছাত্র-ছাত্রী ছিল। আশপাশের গাড়িগুলো দুর্ঘটনার শিকার হলেও বাসটি সেতুর উপর অক্ষত অবস্থায় দাঁড়িয়ে ছিল। এর আগে ১৯৮৩ সালের জুনে কানেকটিকাটের একটি সেতুর একাংশ ধসে নিহত হয়েছিল তিন জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/এলকিউ/২১৩৮ ঘ.