ওয়াশিংটন, আগস্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পরাজয় যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কে ছায়া ফেলবে বলেই মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা। কারণ, নির্বাচনে পরাজয়ের ফলে আবের পক্ষে মার্কিন নিরাপত্তা নীতি সমর্থন করা কঠিন হয়ে পড়েছে। আবের বিরোধিতা বেশ খানিকটা উস্কে দিয়েছে তার এই পরাজয়। মার্কিন বিশেষজ্ঞেরা মঙ্গলবার একথা বলেছেন।
শিনজো আবে আমেরিকাপন্থী রক্ষণশীল। তার প্রতি যুক্তরাষ্টের সমর্থনও রয়েছে। আর তিনি নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলোর ব্যাপারে বেশ আস্থাশীল।
কিন্তু রোববারের নির্বাচন তার আস্থা কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে। তার পদত্যাগ চেয়ে চারদিক থেকেই রব উঠছে। যদিও পার্লামেন্টের নিম্নকক্ষে তার দল এলডিপির নেতৃত্বাধীন জোট এখনও সংখ্যাগরিষ্ঠ। ২০০৯ সালের আগে নিম্নকক্ষের নির্বাচন হওয়ার সম্ভাবনাও নেই।
মার্কিন বিশেষজ্ঞেরা বলছেন, আবার রাজনৈতিক পুঁজি গড়ে তুলতে আবে এখন জাপানের অভ্যন্তরীণ বিষয়গুলোর দিকেই বেশি মনযোগ দিতে বাধ্য হবেন। সেই সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখতে হবে তাকে। ফলে নিরাপত্তা ব্যবস্থা এবং বিদেশ নীতির ব্যাপারে তার উচ্চাভিলাষ হারিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জাপান বিশেষজ্ঞ মাইকেল গ্রিন জানান, আফগানিস্তানে যৌথবাহিনীকে সাহায্যে ভারত মহাসাগরে জাপানি জাহাজ মোতায়েন থাকার ব্যাপারে প্রণীত আইন নবায়ন নিয়ে আবেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে।
নভেম্বরে এর মেয়াদ শেষ হবে। ফলে আবার পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। গ্রিন বলেন, এছাড়া জাপানে মার্কিন ঘাঁটি রাখার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া বরাদ্দ নিয়ে বছর শেষের আলোচনাও বিরোধী ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) জন্য বিরোধিতার এক মোক্ষম লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চলের প্রধান ছিলেন গ্রিন।
ওয়াশিংটনের হ্যারিটেজ ফাউন্ডেশনের উত্তর-পূর্ব এশিয়া বিশেষজ্ঞ ব্র"স ক্লিংনার বলেন, নির্বাচনের পর আবের বিপর্যস্ত ভাবমূর্তি তার মার্কিনপন্থী মতামতকে 'কম জোরালো' এবং 'কম গতিশীল' করে দিবে।
তবে তারা আস্থাশীল যে, এত কিছুর পরও টোকিওর কয়েক দশকের মিত্র ওয়াশিংটনের প্রতি তার নীতির তেমন পরিবর্তন হবে না।
ক্লিংনার বলেন, "আমি মনে করি কিছু অস্বাভাবিকতা থাকলেও কোইজুমি ও আবে যে নীতি অনুসরণ করেছেন সে ক্ষেত্রে বড় ধরনের কোন পরিবর্তন আসবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬৫৬ ঘ.
bdnews24