কাবুল, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর গাড়িবহরে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ৩ সেনাসহ ৬ জন আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরপত্তা সহযোগিতা বাহিনীর (ইসাফ) একজন মুখপাত্র জানান, কাবুলের বাইরে মার্কিন সেনা ঘাঁটির কাছে প্রধান সড়কে ওই হামলার ঘটনা ঘটেছে।
আব্দুল হামিদ নামে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, "আমি একজনের শরীরের কয়েকটি অংশ, রাস্তার ওপর রক্ত এবং হামলায় ক্ষতিগ্রস্ত আমেরিকার একটি গাড়ি দেখেছি। হামলাকারী গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।"
কাবুলভিত্তিক পশ্চিমা একজন নিরাপত্তা বিশ্লেষক জানান, যে সব সৈন্য ঘটনাস্থল ঘিরে রেখেছে তাদের গুলিতে একজন পুলিশ নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬৪৪ঘ.
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬২৩ ঘ.
bdnews24