বেইজিং, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনে বন্যাকবলিত একটি কয়লা খনিতে ৬৯ শ্রমিক আটকা পড়েছে। সোমবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ খবর দেয়।
কেন্দ্রীয় হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌ থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে খনি এলাকায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শ্রমিকরা ভেসে যায়। উদ্ধারকর্মীরা পাম্পের সাহায্যে খনি থেকে পানি অপসারণ করছে। এছাড়া শ্রমিকরা যাতে অক্সিজেন পায় সে জন্য তারা কয়েকটি গর্ত খুঁড়ছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সরকারি এ খনিতে রোববার সকাল থেকে শ্রমিকরা আটকা পড়ে আছে। তবে এ পর্যন্ত ৩৩ জন বের হতে পেরেছি। খনিটি পরিচালনা করে ঝিজিয়ান মাইনিং কোম্পানি লিমিটেড।
উদ্ধারকারী দলের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, " উদ্ধারকাজ ঠিকমতোই এগুচ্ছে। কম সময়ের মধ্যে খনি থেকে পানি অপসারণ করাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৪২৩ ঘ.
bdnews24