ম্যানিলা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান সোমবার একটি মানবাধিকার কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছে। সেনাশাসিত মিয়ানমার কমিশন গঠনে তাদের আপত্তি প্রত্যাহার করে নিলে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হন।
এর আগে মানবাধিকার কমিশন গঠনের বিষয়ে জোটের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এ মতানৈক্য অর্থনৈতিক সংহতি অর্জনে জোটের মনোযোগের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়।
ফিলিপাইনের রাজধানীয় ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রথম অধিবেশন শেষে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো রয়টার্সকে বলেন, "মানবিধকার কমিশন গঠনে আমরা একমত হয়েছি। মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে। এর সমস্ত কিছুতে মিয়ানমারের ভূমিকা ছিলো ইতিবাচক।"
তিনি জানান, কমিশনের বিচার্য বিষয়গুলোসহ অন্যসব প্রাসঙ্গিক বিষয় কি হবে সে ব্যাপারে এখনও তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে তারা দ্রুত এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
জোটের মূল দিকনির্দেশনা আসিয়ান সনদের একটি সম্পূরক অংশ হলো এ মানবাধিকার কমিশন। আগামী নভেম্বরে জোট নেতাদের বৈঠকের আগেই সনদটি চূড়ান্ত হবে। রোববার পর্যন্ত কূটনীতিকরা জানান, মিয়ানমারসহ কয়েক দেশ আপত্তি জানিয়ে কমিশন গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এছাড়া মিয়ানমারকে নিয়েও আসিয়ান সমস্যায় পড়ে। নোবেল পুরস্কার বিজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে দেশটিকে যথেষ্ট চাপ না দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জোটের সমালোচনা করে।
সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ঐক্যের আহ্বান জানান। এবং ২০১৫ সাল নাগাদ অর্থনৈতিক লক্ষ্য অর্জনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক উদ্বোধনকালে তিনি বলেন, "আসিয়ান জোট সবকিছুর আগে এ অঞ্চলের জনগণের জীবনমানের উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারসহ অর্থনৈতিক ঐক্যের ওপর দাঁড়াতে যাচ্ছে। "
তিনি বলেন, "আরও বেশি করে বিশ্বায়নের সুফল পেতে এ জোট এশিয়ায় একটি গতিশীল শক্তি তৈরি করতে যাচ্ছে। আমাদের বৈচিত্র পূর্ব এশীয় জোট গঠনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বরং এ বৈচিত্র জোটের জন্য একটি শক্তি হিসাবে কাজ করবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৩৪৮ ঘ.
bdnews24