নয়া দিল্লি, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- ভারতের তীর্থ নগরী বৃন্দাবনে আশ্রয়প্রার্থী তরুণী বিধবাদের সংখ্যা দিন দিন বাড়ছে।
জাতিসংঘের নারী সংস্থা ইউনিফেম-এর অর্থায়নে পরিচালিত এক গবেষণায় জানা গেছে, আধ্যাত্মিক কারণে তারা বৃন্দাবনে যাচ্ছেন না। বরং দারিদ্র্যই তাদের সেখানে আশ্রয় নিতে বাধ্য করছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, নিপীড়িন ও নির্ভরশীলতা থেকে মুক্তি পেতেই দরিদ্র ও অসহায় বিধবারা ভারতের উত্তরাঞ্চলীয় ওই শহরে আশ্রয় নেন।
প্রায় ১৫ হাজার নারী বৃন্দাবনের রাস্তায় বাস করেন বলে মনে করা হয়।
সনাতন ধর্মের আচার অনুযায়ী ভারতে বিধবারা সামাজিকতার বাইরে থাকেন। আর বিধবাদেরকে আর্থিক ক্ষতির কারণ মনে করে তাদের পরিবার। এত দিনেও তাদের সেই দুর্দশার অবসান হয়নি।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশে অবস্থিত তীর্থশহর বৃন্দাবনে যারা আসেন তাদের মধ্যে শতকার ৮০ ভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের একটি বড় অংশই তরুণী বিধবা।
ভারতের যে সব রাজ্যে বিধবাদের জন্য সবচেয়ে বেশি ভাতার ব্যবস্থা রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি । রাজ্য সরকার বিধবাদের মাথাপিছু প্রতি মাসে ২০ ডলার ভাতা দিয়ে থাকে।
ভারতের বিশিষ্ট সাংবাদিক উষা রায় এ গবেষণা পরিচালনা করেন। তিনি জানান, বৃন্দাবনে যারা যান তাদের সহায়তার জন্য যে রাজ্য সরকারের একটি নীতি আছে এ বিষয়টি তারা জানেনই না।
তিনি আরও জানান, বৃন্দাবনের দাতব্য প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে সমৃদ্ধ। কারণ সেখানে বিপুল পরিমাণ সাহায্য আসে।
গবেষণা প্রতিবেদনে তিনি পরামর্শ দিয়েছেন, শুধু দাতব্য প্রতিষ্ঠানগুলোর ওপর যাতে বিধাবাদের নির্ভর করতে না হয়, সেজন্য তাদের পুনর্বাসন এবং দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১২১৩ ঘ.
bdnews24