ইসলামাবাদ, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাজধানী ইসলামাবাদে আরও আত্মঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। লাল মসজিদ পুনরায় খুলে দেওয়ার পর তার দখল নিতে পুলিশ - মাদ্রাসা ছাত্রদের নতুন সংঘর্ষ এবং সেখানে আত্মঘাতী হামলায় শুক্রবার ১৪ জন নিহত হওয়ার পর এ আশঙ্কার কথা জানালো সরকার। এদিকে শুক্রবারের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য লাল মসজিদ বন্ধ ঘোষণা করেছে সরকার।
লাল মসজিদে তালেবান ধাঁচের আন্দোলন দমনে সেনা অভিযানের পর আত্মঘাতী হামলা, রাস্তায় পেতে রাখা বোমাসহ বিভিন্ন জঙ্গি হামলায় পাকিস্তানে এ পর্যন্ত ১৮০ জনেরও বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য হলেও অনেক অসামরিক ব্যক্তিও নিহত হন এসব হামলায়।
এদিকে পাকিস্তানে লাগাতার জঙ্গি হামলায় ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলেছে তারা আশা করছে যে উদার রাজনৈতিক শক্তিগুলোর সমঝোতার মধ্য দিয়ে ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠে সেখানে ইসলামপন্থী জঙ্গিদের মোকবেলা করতে সক্ষম হবে দেশটি।
রাজধানী ইসলামাবাদে লাল মসজিদকে ঘিরে আবারও আত্মঘাতী হামলা এবং সারা দেশসহ আন্তর্জাতিক অঙ্গনে যখন এসব উদ্বেগ উৎকন্ঠা চলছে ঠিক সেসময়ে শুক্রবার পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল মুশাররফ ছিলেন দুবাইয়ে। পাকিস্তানি ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে সেখানে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর সঙ্গে গোপন বৈঠকে অংশ নেন তিনি। বেনজিরের দল পিপিপি- কে ক্ষমতার ভাগ দেওয়ারি বিনিময়ে আরও এক মেয়াদে ক্ষমতায় থাকার জন্য তার সমর্থন আদায় এবং বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই এ বৈঠক।
গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত করা প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীকে স্বপদে পুনর্বহালকে মুশাররফের জন্য চূড়ান্ত অবমাননাকর এবং চরম সতর্ক সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান পার্লামেন্টেই আরও এক মেয়াদে ক্ষমতায় থাকার জন্য মুশাররফের প্রচেষ্টায় বাঁধা দিতে পারেন এ আশঙ্কাতেই ইফতিখারকে বরখাস্ত করা হয়েছিল। ফলে ইফতিখার ফিরে আসায় মুশাররফকে অবশ্যই নতুন পথে এগোতে হবে।
এ অবস্থাতেই বেনজিরের সঙ্গে নতুন করে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন মুশাররফ। তবে দুবাইয়ে মুশাররফ - বেনজির বৈঠকের কথা অস্বীকার করেছে সরকার। এর আগে সমঝোতার শর্ত হিসেবে মুশাররফকে সেনা প্রধানের পদ ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিলেন বেনজির। আর মুশাররফের তরফ থেকে বলা হয়েছিল পিপিপিকে ক্ষমতার অংশীদার করা হলেও নিজেকে আড়ালেই রাখতে হবে বেনজিরকে।
ইসলামপন্থী জঙ্গিদের উত্থান ঠেকাতে পিপিপি মুশাররফ সমঝোতা কতোটা কাজে লাগবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বেনজির কিংবা আরেক নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে মুশাররফ মূল ধারার রাজনীতিকদের সঙ্গে ভিড়তে পারলে তার প্রতি মার্কিন সমর্থন আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। আর সেক্ষেত্রে জঙ্গি দমনাভিযানে নতুন মাত্রা আসতে পারে পাকিস্তানে।
কিন্তু রাজনীতির মাঠে যোগবিয়োগের হিসেব নিকেশ যাই হোক সাধারণ মানুষ তাদের দেশের এ ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে চরমভাবে উৎকন্ঠিত।
ইসলামাবাদের একটি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ফারেহা আনসার বলেন,"আমি আমার নিজের, আমার সন্তানদের এবং আমার শহর নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কখনোই ভাবতে পারিনি যে আমার শহরটি এমন হয়ে যেতে পারে।"
শনিবার রয়টার্সকে তার এ প্রতিক্রিয়া জানানোর সময় তিনি বলেন তার মতোই ইসলামাবাদের অন্য অনেক বাসিন্দাও একই উদ্বেগ একই উৎকন্ঠায় ভুগছেন বলেই তিনি মনে করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮৫০ ঘ.
bdnews24