ওয়াশিংটন, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- স্বাধীনতার পথে কসোভোকে আগামী কয়েক মাস সহযোগিতা করার জন্য শুক্রবার সার্বিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানান, ওয়াশিংটনে রাইসের সঙ্গে সাক্ষাত করেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাক জেরেমিক। এ সময় অন্যসব ইস্যু ছাড়াও কসোভোর স্বাধীনতা এবং যুদ্ধ অপরাধীদের ব্যাপারে সার্বিয়ার ওপর বর্তানো বাধ্যবাধকতা নিয়ে তারা আলোচনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আলোচনার শীর্ষ এজেন্ডা ছিলো কসোভো। সবাই জানে শিগগিরই স্বাধীনতা লাভ করতে যাচ্ছে দেশটি। এ ব্যাপারে আগামী মাসগুলোতে তাদের সহযোগিতা করার জন্য আমরা সার্বদের প্রতি আহ্বান জানাচ্ছি।"
তবে সার্বিয়া কসোভোর স্বাধীনতার বিপক্ষে।
কসোভোর ২০ লাখ জনসংখ্যার ৯০ ভাগই আলবেনিয়ান। হানাদার সার্ব সৈন্যদের বিতাড়িত করার জন্য ন্যাটোর বোমা হামলার পর ১৯৯৯ সাল থেকে দেশটি জাতিসংঘের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে সার্বরা সেখানে গণহত্যা চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৫০৩ ঘ.
bdnews24