মুম্বাই, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে ভয়াবহ বোমা হামলা মামলায় শুক্রবার সর্বশেষ আরও একজনের মৃত্যুদণ্ড হয়েছে। এ নিয়ে এ মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড হলো। এ পর্যন্ত ১০০ আসামীর মধ্যে সাজা পেয়েছে ৯৬ জন।
ভারতের ইতিহাসে ভয়াবহতম ওই বিস্ফোরণে ২৫৭ জন প্রাণ হারায়। এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে দায়ী করা হয়েছে পলাতক টাইগার মেমনকে। তার ভাই ইয়াকুব মেমনই সর্বশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী।
এই মামলায় অভিযুক্ত বলিউড তারকা সঞ্জয় দত্তসহ আরও চার জনের বিচারের রায় আগামী সপ্তাহে হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কাছ থেকে অবৈধভাবে অস্ত্র কেনার অভিযোগে তাদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।
শুক্রবার জনাকীর্ণ আদালতে বিচারক পি ডি কোদে রায় ঘোষণার সময় ইয়াকুব পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু করেন। এ সময় তিনি বিচারকের দিকে আঙুল তুলে বলেন, হায় আল্লাহ, এই লোকটি জানেন না তিনি কি করছেন। তাকে তুমি ক্ষমা করো।" এক পর্যায়ে পুলিশ তাকে টেনে হিচড়ে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যায়।
বিচারক তার রায়ে বলেন, মুম্বাইয়ের শেয়ার বাজার এবং দুটি বাজারসহ বিভিন্ন স্থাপনায় ১৩টি বোমা হামলাসহ নানান অপরাধ করেছে ইয়াকুব।
ইয়াকুবের অপর দুই ভাই ইউসুফ ও ঈশা এবং তাদের ভাবী রুবিনাকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গুরুতর অসুস্থতার কারণে অপর দুই ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে।
এই মামলায় ১০০ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ৯৬ জনের সাজা হয়েছে। এদের ১২ জনের মৃত্যুদণ্ড, ২০ জনের যাবজ্জীবন এবং বাকীদের নানা মেয়াদে কারাদণ্ড হয়েছে।
পুলিশ জানায়, ১৯৯২ সালে হিন্দু-কট্টপন্থীরা অযোদ্ধায় বাবরি মসজিদ ভাঙলে তার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটানোর নির্দেশ দেন ভারতের অপরাধ জগতের দুর্ধর্ষ ব্যক্তি দাউদ ইবরাহিম। মসজিদ ভাঙার ঘটনায় ওই সময় সারা ভারতজুড়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বেধে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24