কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসানোর জন্য প্রস্তুত রাখা একটি কম্পিউটারকে নাশকতামূলকভাবে নষ্ট করে রাখার ঘটনা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। আগামী ৭ই আগস্ট মাহাকাশযান 'ইন্ডেভার'- এ করে ওই কম্পিউটারটি মহাকাশ স্টেশনে বয়ে নেওয়ার কথা নভোচারীদের। তবে যথাসময়ের আগেই যন্ত্রটি মেরামত করা সম্ভব হবে এবং এটি গুরুতর কোনো সমস্যা নয় বলেই বৃহস্পতিবার জানিয়েছেন নাসা কর্মকর্তারা। মহাকাশে বয়ে নেওয়ার কোনো যন্ত্রপাতিতে এ ধরনের নাশকতার ঘটনা ধরা পড়া নাসার ইতিহাসে এটাই প্রথম।
নাসার সহযোগী মহাকাশ অভিযান প্রশাসক বিল গার্সটেনমেয়ার জানান, ওই ইলেকট্রনিক্স বক্সের (সরল ধরনের বিশেষ কম্পিউটার) যে ক্ষতিসাধন করা হয়েছে তা অবশ্যই ইচ্ছাকৃত। ওই যন্ত্রটির ভেতরের বেশ কিছু কেবল কাটা অবস্থায় আবিস্কার করে নাসা। একজন সাবকন্ডাকটার ওই নাশকতার কথা প্রথমে নাসাকে জানান বলেও বলেছেন গার্সটেনমেয়ার। কিন্তু তার নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে গার্সটেনমেয়ার বলেন,"এক থেকে দেড় সপ্তাহ আগে ঘটনাটি ঘটার পরপরই তা আমাদের কাছে ধরা পড়ে।"
তিনি বলেন,"ক্ষতিটি খুব সহজেই ধরা পড়ার মতো এবং এটা ছিল অব্যর্থ।"
তবে ৭ই আগস্টে ইন্ডেভারের যাত্রার নির্ধারিত সময়ের আগেই যন্ত্রটি সারিয়ে তোলা সম্ভব বলে নিশ্চিত করেছেন গার্সটেনমেয়ার।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রে গবেষণাগার 'ডেসটিনি' - তে বসানোর জন্য ওই বিশেষ কম্পিউটারটি প্রস্তুত করেছিল নাসা। মহাকাশ স্টেশনের বাইরের রাডারগুলো থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ ও রিলে করে পাঠানোর জন্য যন্ত্রটি তৈরী করা হয়েছিল।
নাসা নভোচারীদের মাতাল অবস্থায় মহাকাশে উড্ডয়নের অনুমতি দিয়েছে এমন একটি প্রতিবেদন 'এভিয়েশন উইক' সাময়িকীতে প্রকাশ হওয়ার মাত্র একদিন আগে এ 'কম্পিউটার নাশকতার' কথা জানালো কর্তৃপক্ষ। সাময়িকীটির এ সংখ্যার এক প্রতিবেদনে বলা হয়, মহাকাশে ঝুঁকিপূর্ণ উড্ডয়নের সতর্কতামূলক হুঁশিয়ারি সত্ত্বেও কমপক্ষে দু'বার নভোচারীদের মাতাল অবস্থায় মহাকাশ যাত্রার অনুমতি দিয়েছে নাসা কর্তৃপক্ষ।
নাসার একটি প্যানেলের পর্যালোচনা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রতিবেদনটিতে আরও বলা হয় যে সহকর্মী এবং ফ্লাইট সার্জনের আপত্তি সত্ত্বেও নভোচারীদের ওই অনুমতি দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮২০ ঘ.
bdnews24