২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমায় ২৫ জন নিহত, আহত ১১৫

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে একটি চৌরাস্তার কাছে বৃহস্পতিবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 07:42 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

বাগদাদ, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে একটি চৌরাস্তার কাছে বৃহস্পতিবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১৫ জন। রাজধানীর কারাদ্দা এলাকায় এ বিস্ফোরণে তিনটি ভবনের অংশবিশেষ বিধ্বস্ত হয় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছে পুলিশ। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছে তারা। বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ও ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার এবং জঙ্গি দমনে ব্যাপক তল্লাশির পরও শিয়াপ্রধান কারাদ্দা এলাকায় এ সপ্তাহে এটি চতুর্থ বড় ধরনের হামলা। চৌরাস্তার কাছে একটি ভবনের নিচে ওই গাড়িটি পার্ক করে রাখা ছিল বলে ধারণা করছে পুলিশ। বিস্ফোরণে পাশাপাশি তিনটি ভবনের অংশবিশেষ মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং একটিতে আগুন ধরে যায়। এছাড়াও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণের পরপরই সেখানে গুলির শব্দ শোনা যায় বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ট্রাক, পিকআপ ও বিভিন্ন গাড়িতে করে হতাহতদের হাসপাতলে নিয়ে যায় পুলিশ ও উদ্ধারকর্মীরা। দমকলকর্মী ও পুলিশ ধ্বংসস্তুপ সরিয়ে চাপা পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বিপুল ধ্বংস্তুপের নিচে বহু মানুষ আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার অপর এক গাড়িবোমা হামলায় কিরকুকে ৭ জন নিহত এবং ৪৫ জন আহত হয়। মার্কিন সেনাবহিনী জানায়, গত দুই দিনে ইরাকে ৫ মার্কিন সেনা নিহত হয়েছে। এদের মধ্যে দিয়ালা প্রদেশে গেরিলাদের সঙ্গে এক সম্মুখ যুদ্ধে নিহত হয় তিন মেরিনসহ ৪ সৈন্য। অপর এক সেনা বাগদাদে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/ ১৩৩১ ঘ.