কাবুল, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) -- তালেবান অহরণকারীরা দক্ষিণ কোরিয়ার জিম্মিদের মুক্তির ব্যাপারে আফগান সরকারকে নতুন করে সময় বেধে দিয়েছে। তারা ৮ তালেবান বন্দি মুক্তির শর্ত বহাল রেখে সরকারকে শুক্রবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সময় বেধে দেয়। তা না হলে বাকী ২২ জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে অপহরণকারীরা। একজন তালেবান মুখপাত্র এ কথা জানান।
অপহরণকারীরা ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করেছে। গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে বাস থেকে তাদের অপহরণ করা হয়। এর মধ্যে বেশ কয়েকবার সময়সীমা দেওয়া হয়েছে এবং সে সময়সীমা পারও হয়ে গেছে। কিন্তু তালেবানরা জিম্মিদের সবাইকে হত্যার হুমকি কার্যকর করেনি।
তালেবান মুখপাত্র জানান, ৮ তালেবান বন্দির তালিকা হস্তান্তরের সময় সরকার জঙ্গিদের কাছে আরও সময় চেয়েছে।
অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে বলেন, "কাবুলের কর্মকর্তারা আমাদের কাছে শুক্রবার ১২ পর্যন্ত সময় চেয়েছে।"
তিনি বলেন, "আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা ৮ জনের তালিকা দিয়েছি। যদি তারা ওই ৮ বন্দিকে মুক্তি না দেয় তাহলে জিম্মিদের হত্যা করা শুরু করবো আমরা।"
জিম্মি সংকট নিরসনে নেয়া উদ্যোগ আরও জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা বায়েক জং-চুন শুক্রবার রাতের দিকে আফগানিস্তানে পৌঁছাতে পারেন।
সিবিএস নিউজকে টেলিফোন করে একজন মহিলা জিম্মি সাহায্য প্রার্থনা করেন। তিনি দ্রুত জিম্মিদের মুক্ত করার জন্য আহ্বান জানান। এই প্রথম জিম্মিরা বাইরের সঙ্গে যোগাযোগ করেছে।
বুধবার তালেবন অপহরণকারীরা ২৩ জিম্মির একজনকে হত্যা করে। ওই দিন সংকট নিরসনে নতুন সময়সীমা বেঁধে দেয় তালেবানরা। দক্ষিণ কোরিয়ার ২৩ জিম্মিকে মুক্তির শর্ত হিসেবে তারা আফগান কারাগারে আটক সহযোদ্ধাদের মুক্তি এবং সে দেশ থেকে কোরীয় সেনা প্রত্যাহারের দাবি জানায়।
দক্ষিণ কোরিয়া জিম্মি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটা অমার্জনীয় বর্বরতা। প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা বায়েক জং-চুন বলেন, "দক্ষিণ কোরিয়ার সরকার ও জনগণ নিরপরাধ নাগরিকদেরকে অপহরণ এবং একজনকে হত্যা করার নিন্দা জানায়।"
নিহত জিম্মির নাম বায়ে হাইউঙ-কিউ। তিনি খ্রিস্টান স্বেচ্ছাসেবীদের ওই দলটি নেতা ছিলেন। বুধবার যে দিন তাকে হত্যা করা হয় সে দিন তার বয়স হয়েছিলো ৪২ বছর।
দক্ষিণ কোরিয়ীয় জিম্মিদের মধ্যে নার্স এবং ইংরেজির শিক্ষকসহ ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবক ছিলেন। এরা সবাই সিউলের দক্ষিণে বাংডং শহরের 'সায়েমমুল চার্চের' কর্মী।
এর আগে তালেবানরা দুই জার্মান প্রকৌশলীকে অপহরণ করে। পরে তাদের একজনের মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৩০৯ ঘ.
bdnews24