কলোম্বো, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানী কলোম্বোয় বিক্ষোভ করেছে বিরোধীদলের হাজার হাজার কর্মী-সমর্থক। তারা অন্তর্বর্তী নির্বাচনের দাবি জানায়। "ইউনপি (বিরোধীদলয়ি ইউনাইটেড ন্যাশনাল পার্টি) সরকার চাই", "দেশকে রাজাপাকসের ভাইদের হাত থেকে বাঁচান" স্লোগান দেয় বিক্ষোভকারীরা। উল্লেখ্য, রাজাপাকসের তিন ভাই শ্রীলংকা প্রশাসনে আছে।
পুলিশের ভাষ্য, মিছিলে যোগ দিয়েছে প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী। তবে ইউএনপি'র ধারণা ছিল ১ লাখ বিক্ষোভকারী মিছিলে যোগ দেবে।
ইউএনপি নেতা রনিল বিক্রমসিং বলেন, " আমরা একটি অর্ন্তবর্তী নির্বাচনের জন্যই এই গণবিক্ষোভ শুরু করেছি।" ২০০৫ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রনিল স্বল্প ব্যবধানে রাজাপাকসের কাছে হেরে যান। তামিল টাইগাররা ওই নির্বাচন বর্জন করে জনগণকে ভোট দিতে বাধাও দিয়েছিল।
রাজাপাকসে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রীলংকায় তামিল টাইগারদের সঙ্গে গৃহযুদ্ধে এক নতুন রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হয়। গত বছর থেকে এ পর্যন্ত শ্রীলংকায় সরকার-এলটিটিই সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ৪ হাজার ৫শ মানুষ।
এদিকে, রনিল বিক্রমসিংয়ের পার্টি থেকে এবছর ১৭ জন সদস্য রাজাপাকসে সরকারে যোগ দেওয়ায় বিরোধীদলও ভাগ হয়ে গেছে।
বিক্ষোভকারীরা জানান, তারা চরম মুদ্রাস্ফীতির মুখে রয়েছে। মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশে। এতে জনগণের জন্য জীবনযাত্র ব্যয় নির্বাহ কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।
ব্যবসায়ী রঞ্জিত উদুমুল্লাহ অভিযোগ করে বলেন, "সরকার গৃহযুদ্ধের অজুহাত দেখিয়ে জনগণের বোঝা বাড়াচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৮ঘ.
bdnews24