ইসলামাবাদ, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানে তালেবান এবং আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দমনে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন দিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পাকিস্তান সফরকালে মুশাররফের সঙ্গে বৈঠকে এ সমর্থন দেন।
বৈঠক শেষে তিনি বলেন, "পাকিস্তানে স্থিতিশীল পরিস্থিতি, কট্টরপন্থী দমন এবং জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকায় উন্নয়নে ব্রিটেনের প্রবল আগ্রহ রয়েছে।"
গত মাসে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটাই মিলিব্যান্ডের প্রথম গুরুত্বপূর্ণ সফর।
তিনি জানান, পাকিস্তানে জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকায় ক্রমবর্ধমান ব্রিটিশ সহায়তা কিভাবে আরও কার্যকর হতে পারে তিনি সেটা দেখবেন।
তিনি বলেন, "সন্ত্রাসবাদ-বিরোধী পদক্ষেপের সঙ্গে মূলত সামরিক বাহিনীর সম্পৃক্ততা থাকলেও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও আমাদের জন্য জরুরি।"
মিলিব্যান্ড আফগানিস্তানে দু'দিনের সফর শেষে পাকিস্তানে আসেন। তিনি এমন এক সময়ে পাকিস্তান সফর করছেন যখন মুশাররফ তার কর্তৃত্ব আরও সুদৃঢ় করার চেষ্টা করছেন।
প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পদচ্যুত করার পর তার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় ইফতেখার চৌধুরীর পক্ষে যায়। তার স্বপদে ফিরে যাওয়াকেও মেনে নেবেন বলে ঘোষণা দেন মুশাররফ।
এছাড়া ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযান এবং এর জের ধরে একের পর এক জঙ্গি হামলা মুশাররফ সরকারকে বেসামাল করে দিয়েছে।
কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান হুমকির মুখে সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিটেনের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটেনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেদেশের নিরাপত্তা বাহিনীর নানান পদক্ষেপের অর্ধেকেরও বেশির ভাগ ক্ষেত্রে পাকিস্তানের যোগসূত্র রয়েছে।
কর্মকর্তাদের মতে, ব্রিটেন চায় মুশাররফ পাকিস্তানে সন্ত্রাসবাদবিরোধী লড়াই থেকে শুরু করে ভারতের সঙ্গে তার সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা ও নারীদের ক্ষেত্রে উদার নীতি অনুসরণ করবেন।
তবে ব্রিটেন আশা করে, মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন এবং প্রশাসনকে আরও বেসামরিকীকরণ করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭১২ ঘ.
bdnews24