তেহরান, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, আন্তর্জাতিক চাপের মুখে তেহরান কখনও তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। বুধবার তিনি সে দেশের সরকারি টেলিভিশনকে এ কথা বলেন।
আহমাদিনেজাদ বলেন, " ইরান তার শান্তিপূর্ণ (পরমাণু কর্মসূচি) কাজ কখনও বাতিল করবে না। আমাদের পরমাণূ কর্মসূচি বৈধ। আমরা কেন সেটা বন্ধ করবো?"
যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে ইরান বরাবরই বলে আসছে কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা পরমাণু কর্মসূচি হাতে নিয়েছে। এতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে।
সব ধরণের পরমাণু কর্মসূচি বাতিল করার আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব না মানায় ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
আহমাদিনেজাদ জানান, জাতিসংঘের আর কোন প্রস্তাব ইরানকে পরমাণু প্রযুক্তি অর্জন থেকে বিরত রাখতে পারবে না।
তিনি জাতিসংঘকে উদ্দেশ্য করে বলেন, " বিশ্ব সংস্থার মনে রাখা উচিত ইরান পরমাণু প্রযুক্তি অর্জন করতে যাচ্ছে। তাদেরকে শেষ পর্যন্ত এটা মেনে নিতে হবে।"
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে আলোচনায় ইরান আগামী সপ্তাহের প্রথম দিকে জাতিসংঘ পরিদর্শক দলকে সে দেশের আরাক পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে।
কঠোর নিষেধাজ্ঞা এড়ানোর জন্য আইএইএর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয় ইরান।
বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, জাতিসংঘ পরিদর্শক দলটি বৃহস্পতিবার তেহরান পৌঁছাবে।
তবে পরমাণু ইস্যুতে ইরানকে বিচ্ছিন্ন করার যে কোন প্রচেষ্টার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে তেহরান। সীমান্ত নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান জানিয়ে তেহরান বলেছে, এই ধরণের ব্যবস্থা নেওয়া হলে দেশটি ইরানের সঙ্গে নতুন করে সৃষ্টি হওয়া কূটনৈতিক সুযোগ হারাবে।
ইরাকে সহিংসতা কমিয়ে আনার উপায় খুঁজে বের করতে মঙ্গলবার বাগদাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে একটি যৌথ প্যানেল গঠনের ব্যাপারে দু দেশ সম্মত হয়।
১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৩২২ ঘ.
bdnews24