বেইজিং, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে এক সপ্তাহে কমপক্ষে ১৫০ জনের মৃত্যুর পরও খুব শিগগিরই এ দুর্যোগ কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। চংকিং, হুবেই ও হেনান এবং শাংডং প্রদেশের বিস্তীর্ন অঞ্চলে আগামী তিনদিন ধরে বন্যার প্রকোপ আরও বাড়তে পারে এবং ভূমিধস হতে পারে বলে জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে। এবারের বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষ প্রাকৃতিক দূর্যোগে প্রাণ হারিয়েছে এবং দেশটির প্রায় অর্ধেক অংশ বন্যাকবলিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
দ্য চায়না ডেইলি সোমবার জানায়," দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিং, মধ্যাঞ্চলের হুবেই ও হেনান এবং পূর্বাঞ্চলের শাংডং প্রদেশের বিস্তীর্ণ এলাকায় আরও তিনদিন ধরে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদরা।"
এছাড়াও সিচুয়ান, ইউনান, গুইঝোও, হুনান, আনহুই, জিয়াংসু এবং সাংঝি ও গুয়াংঝি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও সতর্কতা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দেশটির উত্তরাঞ্চলের সাংঝি প্রদেশ এমনিতে বেশিরভাগ সময়ই শুষ্ক থাকলেও রোববার সেখানের একটি কয়লা খনিতে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়ে ১১ জন খনি শ্রমিক নিহত হন। বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
মে মাসে দেশটির এবারের বর্ষা মৌসুম শুরুর পর থেকে চীনের অর্ধেকেরও বেশি অঞ্চল বন্যাকবলিত হয়ে পড়ে এবং এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা প্রায় ৪০০ জন ছাড়িয়ে যায় বলেও জানিয়েছে সিনহুয়া।
চীনের অসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাই মাসের ১৬ তারিখে দেশটিতে এবছরে নানা প্রাকৃতিক দুর্যোগে নিহতের মোট সংখ্যা দাঁড়ায় ৭১৫ জনে। আর নিখোঁজের সংখ্যা দাঁড়ায় ১২৯ জনে।
চীনা প্রেসিডেন্ট হু জিনতাও রোববার মারাত্মক বন্যা কবলিত চংকিং নগরী সফরে যান। বন্যার পানিতে তলিয়ে যাওয়া চংকিংয়ের রাস্তায় কালো গামবুট পরে হেঁটে হেঁেট নগরবাসীর দুঃখ-দূর্দশা প্রতক্ষ্য করেন তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ সফরের ভিডিও প্রচার করা হয়। দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়ে জিনতাও বলেন, জনগণের দুর্দশা লাঘবে এবং পরিস্থিতির উন্নয়নে সম্ভব সবকিছু করবে চীনা কমিউনিস্ট পার্টি এবং সরকার।
চংকিংয়ে কয়েকদিনের বন্যায় কমপক্ষে ৪২ জন প্রাণ হারান। সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় কয়েকদিন বিদ্যুৎহীন থাকলেও এখন পুনরায় তা চালু করা সম্ভব হয়েছে।
চীনে গত বছর বন্যা ও ঘূর্ণিঝড়ে প্রায় ২,৭০৪ জন নিহত হন বলে জানায় চীনা মেটিওরোলজিক্যাল এসোসিয়েশন। ১৯৯৮ সালের গ্রীষ্মকালে চীনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাক ৪,১৫০ জন মানুষ প্রাকৃতিক দুর্যোগে নিহত হওয়ার পর গত বছরই সবচেয়ে বেশি মানুষ এভাবে প্রাণ হারান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24