রামাল্লাহ, পশ্চিম তীর, ইসরয়েল (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরকারকে শক্তিশালী করার মার্কিন সমর্থিত উদ্যোগে শুক্রবার ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরের শহর রামাল্লাহর একটি ইসরায়েলি চেকপয়েন্ট থেকে মুক্তি দিয়ে সেনারা বন্দিদের হতাকড়া খুলে দিলে মাটিতে চুমু খেয়ে মুক্তির আনন্দ প্রকাশ করে ফিলিস্তিনিরা। প্রতিশ্র"ত ২৫৬ জনের তালিকা থেকে ছাড়া পাওয়া এসব বন্দির বেশিরভাগই আব্বাসের ফাতাহ দলের কর্মী। বন্দিমুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়েছে আব্বাস সরকার।
মুক্তি পাওয়া বন্দিরা শুক্রবারই পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। সেখানে আব্বাস তাদেরকে অভিনন্দন জানান। আর বন্দিরা এতদিন পর ফিরে পান তাদের পরিবারবর্গকে।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের উর্ধ্বতন কর্মকর্তা সায়েব এরাকাত বলেন,"আমাদের নারী ও পুরুষদের বাড়ি ফিরে আসাকে স্বাগত জানাই আমরা।" এদিকে, তিন হাজার ফিলিস্তিনির এক জনসভায় আব্বাস বলেন, "আমাদের এই খুশীর মাঝেও বিষাদের ছায়া আছে। কারণ, আমরা ১১ হাজার ফিলিস্তিনি বন্দির প্রত্যেকেরই মুক্তি চাই।"
দক্ষিণ ইসরায়েলের কিটসিয়োত কারাগার থেকে বন্দিদের ইসরায়েলি বাসে করে নিয়ে আসা হয় রামাল্লার ওই সেনা চেকপয়েন্টে। মুক্তির পর ফিলিস্তিনি বাসে করে তাদের সোজা নিয়ে যাওয়া হয় আব্বাসের প্রেসিডেন্ট ভবনে। মুক্তি উপলক্ষ্যে সেখানে এদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রেসিডেন্ট আব্বাস ।
মুক্তির তালিকায় থাকা এসব বন্দির বেশিরভাগই কম নিরাপত্তা হেফাজতে থাকা বন্দি। এছাড়া এদের অনেকেই দীর্ঘদিন ধরে সাজা খাটছিলেন কিংবা তাদের খুবই অল্পদিনের সাজার মেয়াদ বাকী ছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ বন্দিমুক্তিকে আব্বাসের প্রতি 'শুভেচ্ছার নিদর্শণ' হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে তিনি একথাও বলেছেন যে 'হাতে রক্তের দাগ আছে' এমন অপরাধীদের মুক্তি দেওয়া হবে না।
ইসরায়েলের কারাগারগুলোতে এখনও প্রায় ১০,০০০ ফিলিস্তিনি আটক আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এসব বন্দি মুক্তি ছাড়াও 'আলআকসা মার্টিয়ার্স ব্রিগেডের' মতো মূলত আব্বাসের ফাতাহ দলের অনুগত কিংবা মিত্র হিসেবে পরিচিত গ্র"পগুলোর জঙ্গিদের 'আটক কিংবা হত্যা' করতে তল্লাশি বন্ধে রাজি হয়েছে ইসরায়েল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪০ ঘ.
bdnews24