২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ গোয়েন্দা প্লামের পরিচয় ফাঁস মামলা খারিজ

যুক্তররাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এজেন্ট ভালেরি প্লামের পরিচয় ফাঁস মামলা খারিজ করে দিয়েছে আদালত। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং তার সাবেক প্রধান কর্মকর্তা লুইস লিব্বিসহ প্রশাসনের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ২০০৩ সালে ওই মামলা দায়ের করেন সিআইএ এজেন্ট প্লামে ও তার স্বামী জোসেফ উইলসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 07:24 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ওয়াশিংটন, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তররাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এজেন্ট ভালেরি প্লামের পরিচয় ফাঁস মামলা খারিজ করে দিয়েছে আদালত। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং তার সাবেক প্রধান কর্মকর্তা লুইস লিব্বিসহ প্রশাসনের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ২০০৩ সালে ওই মামলা দায়ের করেন সিআইএ এজেন্ট প্লামে ও তার স্বামী জোসেফ উইলসন। যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টিকারী এ মামলাটি বৃহস্পতিবার আইনি এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে খারিজ করে দেন মার্কিন জেলা জজ আদালত। তবে প্লামের আইনজীবী বলেছেন, মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য আপিল করবেন তারা। ২০০৩ সালে প্লামের স্বামী সাবেক মার্কিন কূটনীতিক জোসেফ উইলসন ইরাক যুদ্ধের তীব্র সমালোচনা করে বলেছিলেন, ইরাক আক্রমণকে বৈধ করার জন্য সিআইএ এবং মার্কিন প্রশাসন তথ্য বিকৃত করেছে। এ ঘটনায় তোলপাড় শুরু হলে গোয়েন্দা প্লামের পরিচয় ফাঁস করে দেওয়া হয় মার্কিন গণমাধ্যমে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্লামে দাবি করেন, পরিচয় ফাঁসের ফলে গোয়েন্দা হিসেবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। প্লামে দম্পতি 'মত প্রকাশের সাংবিধানিক স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার' খর্ব করার অপরাধে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের জেলা জজ আদালতের বিচারক জন বেটস বৃহস্পতিবার 'আইনি এখতিয়ারের বহির্ভূত' উল্লেখ করে মামলাটি খারিজ করে দেন। বৃহস্পতিবার প্লামের আইনজীবী মেলেইন সোলান উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়ে এক বিবৃতিতে বলেন, "আজকের এ রায়ে আমরা অত্যন্ত মর্মাহত। তবে আমরা সবসময়ই এটা আশা করেছি শেষপর্যন্ত উচচ আদালতেই এর বিচার হবে।" বিচারক জন বেটস তার ৪১ পৃষ্ঠার রায়ে বলেন, চেনি এবং তার সাবেক প্রধান কর্মকর্তা লুইস লিব্বি ('স্কুটার' নামে পরিচিত) হোয়াইট হাউসের রাজনৈতিক উপদেষ্টা কার্ল রোভ এবং সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্মিটেজেরও অবশ্যই সমালোচনার জবাব দেওয়ার অধিকার আছে। বেটস তার রায়ে বলেন, " অভিযুক্তরা যেভাবে মিঃ উইলসনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার বিশ্সাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন তা হয়তো খুবই আপত্তিকর বা অগ্রহণযোগ্য। কিন্তু প্রকাশ্য সমালোচনার জবাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিয়ে কোনো গুরুতর বিতর্ক থাকতে পারে না এবং তা অভিযুক্তদের দায়িত্বের (সরকারি কর্মকর্তা হিসেবে) আওতায় পড়ে।" এর আগে মার্চ মাসে এ মামলায় সাক্ষ্য দেওয়ার সময় আদালতে মিথ্যা বলা এবং প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপরাধে লিব্বির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। জরিমানাসহ কারাদণ্ড দেওয়া হয় লিব্বিকে। কিন্তু জর্জ বুশ চলতি মাসে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে তার কারাদণ্ড মওকূফ করেন। তবে দীর্ঘদিন ধরে চলা এ মামলায় প্লামের পরিচয় ফাঁস করে দেওয়ার অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি ১২৫৫ ঘ.