২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পৃথক দুটি বোমা বিস্ফোরণে নিহত ২৬

পাকিস্তানের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার পৃথক দুটি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুলিশ। চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাল মসজিদে সেনা অভিযানের পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

পাকিস্তান, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার পৃথক দুটি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুলিশ। চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাল মসজিদে সেনা অভিযানের পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের বন্দর শহর করাচির কাছে এবং সিন্ধ ও বেলুচিস্তানের সীমান্তে দক্ষিণাঞ্চলীয় হুব শহরে একটি বোমা বিস্ফোরণে ১৯ ব্যক্তি মারা গেছে। এদের মধ্যে ৭ জন পুলিশ। চলতি মাসে ধারাবাহিক বোমা হামলা শুরুর পর এই প্রথম দক্ষিণাঞ্চলে হামলার ঘটনা ঘটলো। তবে লাল মসজিদের ঘটনার জেরে প্রতিশোধ নেওয়ার জন্য জঙ্গিরা নাকি বেলুচিস্থানে দীর্ঘদিন ধরে লড়াইরত বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা করেছে সেটা এখনো পরিস্কার নয়। বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেদেশে চলমান সহিংসতা দমনে জরুরি অবস্থা জারি করবেন না বলে জানিয়েছেন। এছাড়া পরিকল্পনা অনুযায়ী এই বছরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও তিনি জনগণকে আশ্বস্ত করেন। হুব চৌকি থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জান আফ্রিদি জানান, পুলিশ সদস্যরা করাচির পথে চীনা প্রকৌশলীদের একটি দলকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। প্রকৌশলীদের গাড়িবহর ঘটনাস্থল অতিক্রম করার পরপরই বোমা বিস্ফোরিত হয়। আফ্রিদি বলেন, চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়ি ওই স্থান অতিক্রমের পর বিস্ফোরণ ঘটে এবং ৭ পুলিশ সদস্যের সবাই মারা যায়। দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটনানো হয়েছে নাকি সেটা আত্মঘাতি হামলা ছিলো এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। অপর এক ঘটনায় বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত হাঙ্গু শহরে পুলিশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে একজন আত্মঘাতি হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে ৬ পুলিশ এবং একজন পথচারী নিহত হয়। ওই সময় নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা প্রশিক্ষণে যাচ্ছিল। শহরের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ফখরে আলম বলেন, "হামলাকারী প্রশিক্ষণ কেন্দ্রের গেট ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা রক্ষীরা তাকে থামাতে চাইলে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।" তিনি জানান, এতে ৬ জন পুলিশ সদস্য এবং একজন পথচারী নিহত হয়েছে। অপর একজন পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে আরও ১৩ পুলিশ আহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৩৫০ ঘ.