মুম্বাই, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি পুরনো ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ এসব তথ্য জানিয়েছে।
বুধবার রাতে মুম্বাই শহরের দক্ষিণ উপকণ্ঠের জনবহুল এলাকায় ৭ তলা ভবনটি ধসে পড়ে। তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ বের করে আনে বৃহস্পতিবার সকালে। ওই ভবনে কতজন লোক থাকতো এ ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে তারা ধারণা করছেন, এখনও ২৫ থেকে ৪০ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে।
পুলিশ কর্মকর্তা শিবাজি বোদকে বলেন, "ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া কয়েকজন সাহায্য চেয়ে ফোন করলে আমরা এ ঘটনা জানতে পারি।"
এ পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেরই জখম গুরুতর। ধসে পড়া ভবনে বসবাসকারীদের উদ্বিগ্ন আত্মীয়স্বজন ঘটনাস্থলে ভিড় করে আছেন।
মুম্বাইয়ের নাগরিক অধিকার গ্র"পগুলোর অভিযোগ, ভবনটির মেরামত কাজ ঠিকমতো না হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
ভবনটির নিচ তলায় কয়েকটি দোকান এবং একটি ক্লিনিক ছিলো। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীরা প্রথমে খালি হাতেই ধসে পড়া দেয়ালের টুকরা, লোহার রড সরাতে শুরু করে। পরে উদ্ধারকারীরা বুলডোজার ব্যবহার করে।
বর্ষা মওসুমে ভারতে প্রতি বছরই পুরনো এবং নিয়ম না মেনে বানানো ভবন ধসে পড়ার ঘটনা ঘটে।
মুম্বাইয়ে নাগরিক অধিকার গ্র"পগুলো প্রায়ই বিল্ডিং কোর্ডের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ করে থাকে। তারা ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি তালিকাও প্রণয়ন করেছে। তবে বুধবার রাতে বিধ্বস্ত ভবনটি ওই তালিকায় ছিলো না।
এর আগে জানুয়ারিতে গুজরাটে একটি স্কুল ভবন ধসে ১১ জন ছাত্রী নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এসি ১২২৮ ঘ.
bdnews24