জেরুজালেম, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা নির্ধারণ নিয়ে এ পর্যায়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস ফিলিস্তিনের চূড়ান্ত মর্যাদা ইসুটি নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানালে ওলমার্ট তা নাকচ করেন। এতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নতুন করে অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনা শুরু হতে পারে বলার একদিন পরই ইসরায়েল এ সম্ভাবনা নাকচ করল। বুশ বলছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা নিয়ে চুক্তি ছাড়াও ফিলিস্তিনের অন্যান্য চূড়ান্ত মর্যাদাপূর্ণ ইসুতে- (যেমন: জেরুজালেম এবং শরণার্থী)- চুক্তিবদ্ধ হওয়ার দিকেই দুপক্ষের আলোচনা এগুনো উচিত।
কর্মকর্তারা বলেছেন, জেরুজালেমে সোমবারের বৈঠকে আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকার কথা ওলমার্টকে জানান।
কিন্তু ওলমার্টের মুখপাত্র মিরি এইসিন বলেন, "ইসরায়েল প্রকাশ্যেই বলে এসেছে যে, তারা রাজনৈতিক দিক এবং দুই পক্ষের জনগণের জন্য দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। কিন্তু আমরা স্পষ্ট করেই বলছি যে, এ পর্যায়ে আমরা সীমান্ত নির্ধারণ, শরণার্থী সমস্যা এবং জেরুজালেম ইসু নিয়ে কোনো কথা বলতে ইচ্ছুক না।"
পশ্চিমা কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল- ফিলিস্তিনের মধ্যে মূল প্রশ্নগুলো নিয়ে আলোচনা হওয়ার আগে প্রেসিডেন্ট বুশ তাদেরকে একটি গাইডলাইন দেবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু বুশ এর কোনো সময়সীমা নির্ধারণ না করায় ইসরায়েল এখনই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিশেষ করে সীমানা নির্ধারণ নিয়ে আলোচনাকে তেমন গুরুত্ব দিছ্চে না। এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা একথা জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৬ঘ.
bdnews24